নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলে দুজনের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে পৃথক দুটি স্থানে হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। জারুলিয়াছড়িপাড়া এলাকার বাসিন্দা দোছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইমরান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহামঞ্চদ হোসেন (৭০) নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার সময় পাড়ায় ঢুকে পড়া হাতির মুখে পড়েন। হাতি মোহাম্মদ হোসেনকে প্রথমে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে এবং পরে পদদলিত করে হত্যা করে। ইমরান আরও জানান, সাত-আটটি হাতির একটি পাল দোছড়ি ইউনিয়নে প্রায় সময় বিভিন্ন পাড়া-গ্রামে হানা দিচ্ছে। জারুলিয়াছড়ি পাড়ায় অতর্কিতে হানা দিলেও সতর্ক লোকজন সবাই পালিয়ে আত্মরক্ষা করেন। কিন্তু বৃদ্ধ মোহামঞ্চদ হোসেন মসজিদে থাকায় হাতি ঢোকার ব্যাপারে জানতেন না। স্থানীয় লোকজন জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের লম্বারবিল পাড়ার বাসিন্দা আবু সৈয়দ (২০) গতকাল রোববার দুপুরে গর্জনছড়া পার হয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় পাহাড়ি ঢলে ভরপুর খরস্রোতা গর্জন ছড়ার গভীরে গেলে তিনি ডুবে যান এবং স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। বেলা একটার দিকে পানি কমে গেলে এলাকার লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার হয়েছে। পৃথক দুটি অপমৃত্যুর মামলার পর তাঁদের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত না করে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।