নাইক্ষ্যংছড়ির ইউএনওর বিরুদ্ধে করা অভিযোগের শুনানি আজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মিয়ানমারের রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গোপন বৈঠকসহ অনিয়ম-দুর্নীতির ২৭টি অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ইউএনও আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে আজ সোমবার বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে শুনানি হবে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর শুনানি করবেন। জানতে চাইলে মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ নিয়ে শুনানিতে হাজির থাকতে ৫৩ ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁরাই ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন দৌছড়ি ও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ও মনিরুল হক, সদর নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি নিথোই মার্মা, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, হেডম্যান মংনু মার্মা, নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিল, কৃষক মোজাফফর আহমদ, রাবার-বাগানের মালিক আমিরুল ইসলাম, ঠিকাদার আরাফাতুল ইসলাম, শিক্ষক কামাল উদ্দিন, উপজাতি কল্যাণ ট্রাস্টের সভাপতি সুমন তংচঙ্গ্যা, মাদ্রাসাশিক্ষক মো. আবুল ফজল, ইউপি সদস্য জহুরা বেগমসহ ৫৩ জন।
ইউএনওর বিরুদ্ধে করা ২৭টি অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে, ২০১৫ সালের নাইক্ষ্যংছড়ির হালনাগাদ ভোটার তালিকায় ইউএনও প্রায় ১০০ মিয়ানমারের রোহিঙ্গাকে ভোটার করেছেন। সরকারি কর্মকর্তা হয়েও তিনি নাইক্ষ্যংছড়ি সরকারি বাংলো ও কক্সবাজারের হোটেলে একাধিকবার জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
জানতে চাইলে ইউএনও শাহেদুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ সোমবার) এসব ভিত্তিহীন অভিযোগের শুনানি হচ্ছে। শুনানির পর জানতে পারবেন অভিযোগ সত্য না মিথ্যা। জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন, সফল ইউএনও হিসেবে গত দুই বছর তিনি ‘সেরা ইউএনও’র সম্মাননা পেয়েছেন।