নাইক্ষ্যংছড়ির গহিন বনে আরও পাঁচ ইটভাটা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি, ঘুমধুম ও বাইশারী ইউনিয়নের গহিন বনের ভেতরে আরও পাঁচটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটায় পাহাড় কাটা মাটি দিয়ে ইট তৈরি এবং কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সরেজমিনে, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে জানান, নতুন নীতিমালা অনুযায়ী পার্বত্য এলাকায় ইটভাটা হতে পারে না। এসব ভাটা বন্ধের জন্য অনেক আগেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবর চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সোনাইছড়ির মারোগ্যাপাড়ায় মো. মনজুর আলমের এমএফজি ব্রিকস ও চিংথোয়াইপাড়ায় মাওলানা মো. দিদার ডিএবি ব্রিকস নামে দুটি ভাটা গড়ে তুলেছেন। ঘুমধুমের আমতলী এলাকায় আলী আহম্মদ এবং বাইশারীর কাগজীখোলা এলাকায় নাজমুল হক চৌধুরী ওরফে পিয়ারু ও মো. আবুল বশর অন্য তিনটি ভাটা স্থাপন করেন। শেষের তিনটি ভাটার কোনো নাম দেওয়া হয়নি।সরেজমিনে দেখা যায়, রামু বন বিভাগের আফাররেজু বিটের সংরক্ষিত বনের জিরো পয়েন্টে ভাটা স্থাপন করেছেন মো. মনজুর আলম। এ ভাটার পাশেই রয়েছে মারোগ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি বসতবাড়ি। ভাটায় নিষিদ্ধ এবং ঝুঁকিপূূর্ণ টিনের চিমনি রয়েছে। এখানে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। আর ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে পাহাড় কাটা মাটি। ভাটার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ইট পোড়াতে প্রতিদিন ৪০০-৫০০ মণ কাঠের দরকার হয়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী এসব কাঠ সরবরাহ করেন।’ মনজুর আলম মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে দাবি করেন, লাইসেন্সের বিষয়টি প্রক্রিয়াধীন। এই ভাটা থেকে প্রায় চার কিলোমিটার দূরে চিংথোয়াইপাড়ায় ভাটাটি গড়ে তুলেছেন মো. দিদার। ছোট-বড় তিন-চারটি পাহাড়ের কিছু অংশ কেটে সমান করে প্রায় চার একর জমিতে ইট তৈরির কাজ চলছে। কর্মরত শ্রমিকেরা জানান, গত নভেম্বর থেকে এখানে ইট তৈরি হচ্ছে। এখানেও কাঠ পুড়িয়ে এবং পাহাড় কাটা মাটি দিয়ে ইট তৈরির কাজ চলছে। যোগাযোগ করা হলে মো. দিদার দাবি করেন, তিনি ভাটার জন্য লাইসেন্সের আবেদন করেছেন। নাইক্ষ্যংছড়ি-তুমব্রু সড়কের উন্নয়নকাজ পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে এই ভাটায় ইট তৈরি করা হচ্ছে।মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের আমতলী এলাকায় ব্যবসায়ী আলী আহম্মদের ইটভাটায়ও কাঠ পুড়িয়ে এবং পাহাড় কাটা মাটি দিয়ে ইট তৈরি চলছে। এসব কাঠ পোড়ানোর কথা স্বীকার করে রামু বন বিভাগের আফাররেজু বিটের কর্মকর্তা ফখরুদ্দিন মজুমদার জানান, পার্বত্য এলাকার বাইরের নীতিমালা অনুযায়ী সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নিষিদ্ধ। কিন্তু মনজুর আলমের ভাটাটি করা হয়েছে বনের পাশেই। ভাটায় কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও এখানে পোড়ানো হচ্ছে কাঠ। সংরক্ষিত বনের পাশে ভাটাটি গড়ে ওঠায় হুমকির মুখে পড়েছে বনজ সম্পদ ও পরিবেশ। বিষয়টি তিনি বিভাগীয় কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। কাগজিখোলার গহিন বনে অপর দুটি ভাটাতেও কাঠ পোড়ানো ও পাহাড়ের মাটি কেটে ইট তৈরির অভিযোগ রয়েছে। এ দুটি ইটভাটার মালিক আবুল বশর ও ঠিকাদার পিয়ারুর বাড়ি পাশের চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায়। এই দুটি ভাটা প্রসঙ্গে বন বিভাগের সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা জহিরুল আলম স্বীকার করেন, গহিন বনের ভেতরে গড়ে তোলা এসব ভাটায় কাঠ পুড়িয়ে এবং পাহাড় কাটা মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। যোগাযোগ করা হলে পিয়ারু মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে দাবি করেন, তাঁর ভাটার লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। ঘুষ নিয়ে ভাটা চালাতে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম সোহেল। তিনি প্রথম আলোকে জানান, সম্প্রতি বিছামারা এলাকার একটি ভাটাকে ২০ হাজার টাকা এবং সোনাইছড়ি ও ঘুমধুমের তিনটি ভাটাকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। নীতিমালা অনুযায়ী ভাটা বন্ধ করে না দিয়ে জরিমানা করা হচ্ছে কেন—জানতে চাইলে ইউএনও শামীম সোহেল বলেন, ‘গরম চিমনিতে আমি হাত দিতে যাব না কি?’ বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব ভাটা বন্ধের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ গত ৩০ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘গহিন বনে যুবলীগ নেতার ইটভাটা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই ভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও শামীম সোহেল। এখনো সেই ভাটায় ইট তৈরির কাজ চলছে।