নাইক্ষ্যংছড়ির চেয়ারম্যান জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাইল আহমদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আসামি হিসেবে গত বছরের ২৮ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এর আগেও উপজেলা চেয়ারম্যান ছিলেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামু উপজেলার ১২টি বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা ও পুলিশ জানায়, একটি হুমকি দেওয়ার মামলার আসামি হিসেবে তোফাইল আহমদকে কক্সবাজার থেকে সম্প্রতি বান্দরবান কারাগারে নিয়ে আসা হয়। গতকাল ওই মামলায় আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।
বান্দরবান জেলা কারাগারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শামীম হোসেন বলেন, তোফাইল আহমদের বিরুদ্ধে রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা সব কটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গতকাল সর্বশেষ বান্দরবানের একটি মামলায় জামিন হওয়ায় তাঁকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।