নাইক্ষ্যংছড়ির জঙ্গলে যুবলীগ নেতার অবৈধ ইটভাটা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা জঙ্গলে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে চুটিয়ে ব্যবসা করছেন স্থানীয় উপজেলা যুবলীগের সহসভাপতি জহির আহমদ। ফসলি জমির টপ সয়েল এবং সংরক্ষিত বনাঞ্চলের গাছ পুড়িয়ে ভাটায় ইট উৎপাদন করা হলেও কেউ বাধা দিচ্ছে না।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে ইটভাটা তৈরি ও ইট উৎপাদনের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ভাটার ক্ষেত্রে তাও মানা হচ্ছে না।
স্থানীয় লোকজন বলেন, জেটএসি নামের যুবলীগ নেতার ইটভাটাটি বিশাল পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এখন পাহাড়ের গাছ পুড়িয়ে ওই ভাটায় ইট তৈরি হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে সরকারের এক প্রতিমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হওয়ায় লোকজন যুবলীগ নেতা জহির উদ্দিনের বিরুদ্ধে উচ্চবাক্য করার সাহস পান না। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার কালো ধোঁয়া এবং পাহাড় কাটার ফলে পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার এক শ্রমিক বলেন, বর্তমানে এই ভাটায় ইট পোড়ানোর জন্য দৈনিক গড়ে ৩০০ মণ করে জ্বালানি কাঠের প্রয়োজন হয়। আর পুরো জ্বালানি কাঠ সংগ্রহ করা হচ্ছে স্থানীয় বনাঞ্চল থেকে। বিভিন্ন লোকজন বনাঞ্চলের গাছ কেটে ইটভাটায় পৌছে দিচ্ছেন। এতে কেউ বাধাও দিচ্ছে না।
স্থানীয় লোকজন বলেন, ইটভাটাটি রাস্তার পাশে হওয়ায় স্কুল-কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জঙ্গলে ইটভাটা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ভাটার মালিক যুবলীগ নেতা জহির আহমদ বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন মিলে ইটভাটা পরিচালনা করছি। এতে পাহাড় কাটা ও বনের গাছ পোড়ানো হচ্ছে না।’ ব্যক্তিমালিনাধীন জমি থেকে ইট তৈরির মাটি সংগ্রহ করা হচ্ছে। ভাটা নির্মাণের অনুমতি এবং লাইসেন্স না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি নীরব থাকেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী বলেন, যুবলীগ নেতা জহির আহমদ দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে ইটভাটাটি তৈরি করেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। দলের নাম ভাঙিয়ে জঙ্গলের ভেতরে অবৈধভাবে ইটভাটা তৈরি করায় সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এটি উচ্ছেদে প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে পারে।
ইউএনও আহমেদ জামিল বলেন, উপজেলার কোথাও ইটভাটা স্থাপনের অনুমতি নেই। পাহাড় কেটে এবং বনাঞ্চলের গাছ পুড়িয়ে ইটভাটা ও ইট তৈরির বিষয়টি অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।