নাইজেরিয়ার মেয়েরা নিরাপদে নেই

নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে দুই শতাধিক ছাত্রী অপহরণের ঘটনাটি কয়েক সপ্তাহ ধরে সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পাচ্ছে৷ এ ঘটনায় দাসপ্রথার ওপর নিষেধাজ্ঞা, ব্যক্তিগত সততার সুরক্ষা, শিশুদের নিরাপত্তার বাধ্যবাধকতা এবং অল্পবয়সী মেয়েদের নিজ পড়াশোনা ও বিয়ের ব্যাপারে সিদ্ধান্তগ্রহণের অধিকার লঙ্ঘিত হয়েছে৷ মৌলিক নৈতিকতা ও সংবেদনশীলতার সীমা লঙ্ঘনের ওই ঘটনায় বিশ্বজুড়ে জনগণ ক্ষুব্ধ৷
পশ্চিমা দেশগুলোর বিভিন্ন শহরের রাস্তায় অল্পবয়সী নাইজেরীয় যৌনকর্মীদের উপস্থিতিতে স্থানীয় লোকজনের মধ্যে তেমন জোরালো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না৷ আসলে অধিকাংশ মানুষ এসব বিষয় এড়িয়ে যায়৷ সংবাদমাধ্যমও এসব ব্যাপার নিয়ে খুব কমই মাথা ঘামায়৷
নাইজেরিয়ার হাজার হাজার মেয়ে প্রতিবছরই ধর্মান্ধ ও পেশাদার দুর্বৃত্তদের ফাঁদে আটকা পড়ে এবং পতিতাবৃত্তির মতো পেশায় যেতে বাধ্য হয়৷ তারা যেসব দেশে গিয়ে যৌনকর্মী হয়ে যায়, এখন সেই দেশগুলোই নাইজেরিয়ার কর্তৃপক্ষকে ওই স্কুলছাত্রীদের উদ্ধারে সহায়তার মতো ‘উদার’ প্রস্তাব দিচ্ছে৷ পশ্চিমা দেশগুলোয় পাচার হওয়া প্রতি ১০ জনের ছয়জনই নাইজেরীয় এবং ইতালি ও বেলজিয়ামে পাচার হওয়া যৌনকর্মীদের অন্তত ৬০ শতাংশই নাইজেরীয় মেয়ে৷ অল্পবয়সী এসব মেয়েকে দেখা যায় সারা ইউরোপ, উত্তর আমেরিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে৷ আর দশকের পর দশক ধরে এই বাস্তবতা অব্যাহত রয়েছে৷ কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। এসব মেয়েদের অবস্থার পরিবর্তে কেউ এগিয়ে আসছে না।
নিজ দেশ থেকে অন্য দেশে পাচার হওয়া। শিশু যৌনকর্মীরাও অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হয় এবং ধরা পড়ামাত্র তাদের দেশে ফেরত পাঠানো হয়৷ কিন্তু এসব মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয় দারিদ্র্যপীড়িত ও রক্ষণশীল সমাজ থেকে৷ সেখানে বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও সহিংসতা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের অভাবে তাদের আশাহীন জীবন যাপন করতে হয়৷
নাইজেরীয় এক জরিপ অনুযায়ী, দেশটিতে বাল্যবিবাহের হার বিশ্বে অন্যতম শীর্ষে৷ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৮ শতাংশ মেয়ের ১৫ বছর বয়সের মধ্যেই বিয়ে হয়, আর ৭৮ শতাংশের বিয়ে হয় ১৮ বছরের মধ্যে৷ এ ছাড়া বিবাহিত নারীদের ৮১ শতাংশই স্বামীর নির্যাতনের শিকার হয়৷
কিশোরীদের বিয়ের উচ্চহার যে দেশে অনেক, সেই নাইজেরিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৮-০৯ সালে মেয়েদের ভর্তির হার মাত্র ২২ শতাংশ হওয়াটা মোটেও আশ্চর্যের ব্যাপার নয়৷ ছেলেদের ক্ষেত্রে এই হার ছিল ২৯ শতাংশ৷ আবার দেশটির সবাইকেই তাড়িয়ে বেড়ায় বেকারত্বের ভূত৷ মোট ৬০ লাখ তরুণ-তরুণীর মাত্র ১০ শতাংশ প্রতিবছর কর্মসংস্থানের সুযোগ পায় এবং একটি আনুষ্ঠানিক চাকরি নিশ্চিত করতে পারে৷ নারীর অবস্থা বেশি সংকটময়৷ আনুষ্ঠানিক চাকরিপ্রাপ্তদের মধ্যে তাদের হার মাত্র এক-তৃতীয়াংশ৷ নাইজেরীয় পাঁচ কোটি ৪০ লাখ মেয়ে ও নারীর মধ্যে গ্রাম এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে দেশটির অনানুষ্ঠানিক অর্থনীতির অনিরাপদ কর্মসংস্থানে যুক্ত হয়৷
নাইজেরিয়ায় রয়েছে মৌলিক লিঙ্গবৈষম্য৷ দেশটিতে নারীর প্রতি বৈষম্যকে ব্যাপকভাবে মেনে নেওয়া হয়৷ এতে বোকো হারামের মতো চরমপন্থী সংগঠনগুলো নারীর বিরুদ্ধে বর্বর নির্যাতনের প্রশ্রয় পায়৷ আর পাচারকারীদের জন্যও তৈরি হয় বড় ক্ষেত্র৷ এ রকম অনিরাপদ পরিস্থিতিতে বিদেশে চাকরির সুযোগ করে দেওয়ার মতো মিথ্যা আশ্বাস দিয়ে নারীদের প্রলুব্ধ করা খুব সহজ৷ অধিকাংশ ক্ষেত্রে তাদের বিভিন্ন পানশালা, রেস্তোরাঁ ও ক্লাবে চাকরির প্রস্তাব দেওয়া হয়৷ সেই প্রলোভনের পথে পা বাড়িয়ে তারা একটি চরম নিপীড়নমূলক জীবনে প্রবেশ করে৷
মানবাধিকারকর্মীদের সাহসী নানা প্রচেষ্টা সত্ত্বেও নাইজেরিয়া থেকে প্রতি মাসে অন্তত ২০০ মেয়েকে রাশিয়ায় যৌনকর্মীর কাজ করতে পাঠানো হয়৷ রাশিয়ায় নিযুক্ত নাইজেরীয় রাষ্ট্রদূত আসাম আসাম এ তথ্য দিয়েছেন৷ জাতিসংঘের ইন্টাররিজিওনাল ক্রাইম অ্যান্ড জাস্টিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, ইতালিতে কমপক্ষে ২০ হাজার নাইজেরীয় যৌনকর্মী রয়েছে৷ তাদের অধিকাংশকেই কিশোরী অবস্থায় পাচার করা হয়েছিল৷
আইন প্রয়োগকারী, নারী পাচারবিরোধী ও শিশু সুরক্ষাবিষয়ক সংস্থাগুলো এসব নিপীড়নের ব্যাপারে দীর্ঘদিন ধরেই অবগত রয়েছে৷ কিন্তু ওই অল্পবয়সী মেয়েদের সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বৈধ অভিবাসনের মর্যাদা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের মতো সমাধান দেখা যায় না৷ জাতীয় ও বিশ্বনেতারা সহিংসতার এই চক্র ভাঙার কাজে সক্রিয় নন৷
পশ্চিমা দেশগুলোসহ অন্যান্য অঞ্চলের রাজনৈতিক নেতা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানে, কীভাবে তাদের দেশের বিভিন্ন শহরে নাইজেরীয় কিশোরী যৌনকর্মীদের ঠাঁই হয়৷ কিন্তু তাদের সাহায্য করতে কোনো উদ্যোগ তো নেওয়া হয়ই না, বরং শাস্তি দেওয়ার মতো অধিকতর বাজে আচরণ তাদের সঙ্গে করা হয়৷
আশা করা যায়, বোকো হারাম কর্তৃক স্কুলছাত্রীদের অপহরণের ঘটনাটি আদর্শভাবে আফ্রিকান কিশোরীদের অধিকার রক্ষায় বিশ্বজুড়ে সমর্থন আদায়ের চেষ্টাকে জোরালো করবে, যেমন মালালা ইউসুফজাইয়ের ওপর পাকিস্তানি তালেবানের হামলায় দক্ষিণ এশিয়ায় নারীশিক্ষার অধিকার বাস্তবায়নের লড়াইয়ে বৈশ্বিক সমর্থন বৃদ্ধি পেয়েছিল৷ এখন বিশ্বের জনগণ কি নাইজেরীয় কিশোরীদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নেবে, নাকি কেবল দূর থেকে ওই বর্বরতার নিন্দা জানিয়েই দায় সারবে—সেটিই প্রশ্ন৷
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
লেখক: শিক্ষক, প্র্যাকটিস অব হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস, হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ, যুক্তরাষ্ট্র৷
ইংরেজি থেকে অনুবাদ: আশিস আচার্য