নাইজেরিয়ায় বন্দী বাংলাদেশের চার নাবিক-প্রকৌশলী
জাহাজে চাকরি নেওয়ার কয়েক দিনের মাথায় গ্রেপ্তার হয়ে নাইজেরিয়ার আদালতে শাস্তি পেয়েছেন বাংলাদেশের চার তরুণ নাবিক ও প্রকৌশলী। তাঁদের পাঁচ বছরের জেল খাটতে হবে, অথবা প্রত্যেককে এক লাখ মার্কিন ডলার বা ৮০ লাখ টাকা দিয়ে মুক্তি নিতে হবে।
দেশটির আদালত বলেছে, গ্রিসের পতাকাবাহী ওই জাহাজে চোরাই তেল ছিল। এ ছাড়া জাহাজটির বৈধ কাগজ ছিল না। এ জন্য গত বছরের জুনে ওই জাহাজে থাকা মোট ২১ জনের মধ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের নয় নাবিক ও প্রকৌশলীকে জেল-জরিমানা করা হয়েছে।
তবে বাংলাদেশে জাহাজটির প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা এবং কেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পৃথকভাবে প্রথম আলোকে জানিয়েছেন, ওই অপরাধের সঙ্গে বাংলাদেশের চার তরুণের সংশ্লিষ্টতা নেই। তাঁদের মতে, জাহাজ বৈধ না অবৈধ এবং তাতে কী ধরনের পণ্য রয়েছে, তা ওই নাবিকদের জানার কথা নয়। তাঁরা আরও বলেন, জাহাজের কাগজপত্রের বৈধতা সম্পর্কে জানবেন জাহাজ মালিক এবং জাহাজে কী ধরনের পণ্য আছে, তা জানবেন জাহাজের ক্যাপ্টেন। কিন্তু তাঁদের কাউকে শাস্তি দেওয়া হয়নি।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। কেনিয়ার রাষ্ট্রদূত নাইজেরিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ঢাকা থেকে যোগাযোগ করা হলে কেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত চিরঞ্জীব সরকার টেলিফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনজীবী ঠিক করে দেওয়া হয়েছে। নাইজেরিয়ার নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে আপিল করা হয়েছে। তিনি বলেন, ওই তরুণদের কোনো অপরাধ ছিল না, তাঁরা পরিস্থিতির শিকার। তবে এ ঘটনার পর জাহাজের মালিকও কোনো সহযোগিতা করেনি।
তিনি বলেন, লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনও এ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শিগগির এ বিষয়ে একটা সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের জহিরুল ইসলাম ও রফিকুল ইসলাম, সাতক্ষীরার শাহীনুল ইসলাম ও কুষ্টিয়ার শিবলী নোমান। তাঁদের মধ্যে রফিকুল ও শাহীনুল জাহাজের তৃতীয় প্রকৌশলী (থার্ড ইঞ্জিনিয়ার), শিবলী নাবিক ও জহিরুল প্রধান কর্মকর্তা। ওই চারজনের সঙ্গে থাকা আসাদুজ্জামান জমাদ্দার নামে আরেক ইলেকট্রিশিয়ান থাকলেও তাঁকে শাস্তি দেয়নি আদালত।
নৌপরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে করণীয় ঠিক করতে বলেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন ৩ কোটি ১২ লাখ টাকা জোগাড় করতে মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নৌপরিবহনসচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশি ওই তরুণেরা পরিস্থিতির শিকার হলেও আদালত শাস্তি নির্ধারণ করায় সরকারিভাবে অর্থ দেওয়ার সুযোগ নেই। তবে সরকার কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে মতামত দিতে বলা হয়েছে।
কয়েকটি সূত্রে জানা যায়, গ্রিসের পতাকাবাহী জাহাজটি মেরামতের জন্য গত বছরের মার্চে বেনিন বন্দরে ছিল। বন্দরের ১০০ মাইলের মধ্যে এটি অবস্থান করছিল। নাইজেরিয়ার নৌবাহিনী জাহাজটি দেশটির সমুদ্রসীমায় নিয়ে তল্লাশি করে। এ সময় ক্যাপ্টেন জাহাজের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ ওই জাহাজে ছিল সাড়ে তিন হাজার টন জ্বালানি তেল।
বাংলাদেশে জাহাজটির প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে জানান, জাহাজে মোট ২১ জন থাকলেও বাংলাদেশের চারজন ও ফিলিপাইনের পাঁচজনকে শাস্তি দেওয়া হয়। বেনিন ও ঘানার নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মাথাপিছু এক লাখ ডলার দিয়ে ফিলিপাইনের নাগরিকদের ছাড়িয়ে নেওয়া হয়েছে।
আবুল খায়ের বলেন, ‘২৫ থেকে ৩০ বছর বয়সী ওই সব তরুণ নাইজেরিয়ার কারাগারে মানবেতর জীবনযাপন করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, যাতে ওদের দ্রুত ছাড়িয়ে আনা যায়। টাকা দিয়ে মুক্তি পেলে পরে আপিলে ওরা বিজয়ী হবে। তখন জরিমানার টাকা ফেরতও পাওয়া যাবে। এ জন্য আমরা সরকারের সহযোগিতা চেয়েছি।’