নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করেন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকেরা। এতে নার্সিং ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জেলা শহরের হাসপাতাল সড়ক, মঠেরগোড়া, পৌরসভার সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পরে ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হয়েছিলেন। তাই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দিবসটি শুধু উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সততা, নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।