নাঈম হত্যার চার মাস পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন ওরফে নাঈম হত্যার চার মাস পর গতকাল বৃহস্পতিবার নওগাঁ সরকারি গোরস্থান থেকে তার লাশ তোলা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে নাঈমের লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) এ কে এম হেদায়েতুল ইসলাম, ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আজাদ রহমান ও নওগাঁ সদর থানার উপপরিদর্শক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
থানার পুলিশ ও নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্র জানায়, গত বছরের ৩০ জুলাই পল্লবীর একটি বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পল্লবী থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়। গত ১ সেপ্টেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ৮ অক্টোবর নাঈমের বাবা ওই প্রতিবেদনের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা গত ১৫ ডিসেম্বর নাঈমের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুসারে নাঈম হত্যার চার মাস আট দিন পর গতকাল তার লাশ উত্তোলন করে পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, পল্লবী থানার একটি মামলায় ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাঈমের লাশ উত্তোলনের জন্য নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলন করা হয়েছে। উত্তোলনের পর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঈমের বাবা আবদুল লতিফ মণ্ডল তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, নাঈমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দ্রুত মামলার পুনঃতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করার দাবি জানান তিনি।