বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল শুক্রবার বলেন, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আবদুল হালিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় গত বৃহস্পতিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফ পুরো ঘটনার পরিকল্পনা ও আয়োজনের জন্য হালিমকে দায়ী করেছেন। হালিম কী কী করেছেন তা এখন স্পষ্ট, তাঁর বিরুদ্ধে যথেষ্ট পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পুলিশের হাতে রয়েছে। অভিযোগ এড়ানোর সুযোগ তাঁর নেই।
এ মামলার অপর দুই আসামি শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলেছে, ধর্ষণের শিকার এক ছাত্রী বনানী থানায় মামলা করার পর এ নিয়ে হইচই শুরু হলে নাঈম ওরফে হালিম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজনের কাছে আশ্রয় নিয়েছিলেন। পরে এক গাড়িচালকের মাধ্যমে তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি গ্রামে আশ্রয় নেন। গত বুধবার মুন্সিগঞ্জ থেকে হালিমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়।