নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়েছে। বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলু গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, পত্রিকার শেয়ার দেওয়ার কথা বলে নাঈমুল ইসলাম খান প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।মহানগর হাকিম শাহাদাত হোসেন ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে নাঈমুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ২১ নভেম্বর সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।মামলায় বলা হয়, আমাদের সময় পত্রিকাটি আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলে নাঈমুল ইসলাম পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী পরিচয় দিয়ে পত্রিকার শেয়ার বিক্রির প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে রাজি হয়ে বাদী পত্রিকার শেয়ারের দাম হিসেবে দুই কোটি ৩৫ লাখ টাকা নাঈমুল ইসলামকে দেন, কিন্তু নাঈমুল ইসলাম খান পত্রিকার শেয়ার না দিয়ে অন্যত্র তা বিক্রি করে দেন। বাদী তাঁর শেয়ার ফেরত চাইলে তিনি সুদসহ দুই কোটি ৩৫ লাখ টাকা দেবেন বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন। বাদী এ ব্যাপারে তাঁকে আইনগত নোটিশও দেন; কিন্তু টাকা ফেরত না পেয়ে তিনি এ মামলা করেন।মামলার ব্যাপারে জানতে চাইলে নাঈমুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘যে অভিযোগে মামলাটি হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমার হাত থেকে পত্রিকাটি ডাকাতি হয়ে যাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র।’