নাওয়াডোবা ফেরিঘাট হলো না
চর পড়া, নাব্যতা কমে যাওয়া, প্রবল স্রোত ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অবহেলার কারণে কাওড়াকান্দি-মাওয়া ফেরি চলাচলে অতিরিক্ত সময় লাগছে। অথচ মাওয়ার ঠিক বিপরীত দিকে নাওয়াডোবায় ফেরিঘাট হলে এক ঘণ্টায় পৌঁছানো যেত। বর্তমানে মাওয়া থেকে কাওড়াকান্দি ১৩ কিলোমিটার নৌপথ যেতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।
পাঁচ বছর আগে শরীয়তপুরের নাওয়াডোবায় একটি ফেরিঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়িত হয়নি।
গত শনিবার এই ফেরিপথ ঘুরে দেখা যায়, পদ্মা নদীর মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়ে সোজা না গিয়ে নানা ঘুর পথে চলছে ফেরিগুলো। কারণ সোজা পথে চলার মতো অবস্থা নেই। নদীর মধ্যে কোথাও বিস্তীর্ণ চর, কোথাও তীব্র নাব্যতা সংকট, কোথাও আবার প্রবল ঢেউ। এ কারণে আঁকাবাঁকা চলে ফেরিগুলো। এতে সময় লাগছে বেশি। সরকারের জ্বালানি খরচ হচ্ছে যথেচ্ছ হারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নাব্যতা ঠিক রাখতে প্রতি বছরই কোটি কোটি টাকা খরচ হচ্ছে। গত বছর এখানে নদী খনন বাবদ ১৮ কোটি টাকা খরচ করা হয়। এবার প্রাথমিক হিসেবে খরচ হচ্ছে পাঁচ কোটি টাকা। পাটুরিয়ায় নাব্যতাজনিত সমস্যা বাড়ার পর দিন দশেক আগে মাওয়া এলাকায় খননকাজ শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, সময় ও তেল বাঁচানো এবং ভোগান্তি কমানোর জন্য মাওয়া থেকে নাওয়াডোবা ফেরিঘাট তৈরির জন্য পাঁচ বছর আগে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তখন আন্তসংস্থার সভায় সিদ্ধান্ত হয়, ফেরিঘাট করার আগে নাওয়াডোবার কাছে আট কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়ক তৈরি করা হবে। যা বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ জন্য ২৬ কোটি টাকা খরচের একটি হিসাবও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা না হওয়ায় সড়কটি হয়নি। তাই ফেরিঘাটও হয়নি।
বিষয়টি স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্থানীয় ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, প্রবল স্রোত ও নাব্যতা কমে যাওয়ায় ফেরি যান চলাচলে সমস্যা হচ্ছে এবং তেলেরও অপচয় হচ্ছে। গত রোববার এই প্রতিবেদককে তিনি বলেন, নাওয়াডোবায় ফেরিঘাট নির্মাণ করতে পারলে দূরত্ব কমে যেত। অন্যান্য সমস্যাও কমে আসত।
আবদুল আলীম জানান, প্রবল স্রোতসহ অন্যান্য কারণে গত রোববার মাওয়া থেকে রো রো ফেরি যান এনায়েতপুরী মাঝ নদীতে প্রায় নয় ঘণ্টা অবস্থান করে আবার মাওয়ায় ফিরে আসতে বাধ্য হয়। এতে কাওড়াকান্দিগামী ফেরি যানে ওঠা বাস ও অন্য পরিবহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আগে এই ফেরিঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে এবার আবারও পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে চরের মাঝামাঝি কেটে সহজ পথ করা যায় কি না। এ বিষয়ে উপযুক্ত সমীক্ষার ভিত্তিতে অপর কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমঝোতা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৪ কোটি টাকা খরচ করে চার বছর আগে মাওয়া ফেরিপথের ১০ লাখ ঘনমিটার চর খনন করে কবুতরখোলা চ্যানেল করা হয়েছিল। কিন্তু উপযুক্ত সমীক্ষা ছাড়া সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় চ্যানেলটি অল্প সময়েই বালুতে ভরাট হয়ে যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, এই নৌপথে কবুতরখোলা ও মাসুম খন্দ নামক স্থানে উপযুক্ত সমীক্ষার ভিত্তিতে কাজ করা হবে।