নাওয়া-খাওয়া ঘুম-পড়া সবই স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে এসএসসি পরীক্ষা। ভালো ফল করা চাই। এমন পণ নিয়ে লেখাপড়া করছে গুটিকয় শিক্ষার্থী। দিনে এমনকি রাতেও তারা স্কুলে থাকে। পড়া শেষে সেখানেই ঘুম। ভোরে ঘুম ভেঙে ফের পড়তে বসা। পড়ুয়াদের দলটা তদারক করতে শিক্ষকেরাও খেটে চলেছেন ক্লান্তিহীন। এটি কিশোরগঞ্জের নিকলীর দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়। মাস দেড়েক ধরে বিদ্যালয়টিতে চলছে এভাবেই পড়াশোনা। জানা যায়, বিদ্যালয়সংলগ্ন দপ্তরি থাকার ঘরটিলাগোয়া অপর একটি ঘরে থেকে পড়াশোনা করছে ১০ ছাত্র ও সাত ছাত্রী। সারা দিন পড়া শেষে সন্ধ্যায় ছাত্রীরা বাড়ি ফিরে যায়। ভোরে ঘুম ভাঙে শিক্ষার্থীদের। বাড়ি থেকে পাঠানো খাবার খেয়ে পড়তে বসে। সকাল নয়টার মধ্যে গোসল ও ১০টার মধ্যে নাশতা সারতে হয়। সাড়ে ১০টায় শুরু হয় বিষয়ভিত্তিক কোচিং। চলে বেলা দুইটা পর্যন্ত। বেলা দুইটা থেকে তিনটা মধ্যাহ্নভোজের বিরতি। তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলে প্রশ্নোত্তরের মাধ্যমে শিখন পর্ব। সন্ধ্যার আগে প্রধান শিক্ষক ইংরেজির ওপর বিশেষ একটি ক্লাস নেন। দিন শেষ হয় মূল্যায়ন পর্ব দিয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে পাঠদান শুরুর পর থেকে শিক্ষার্থীরা ভালো ফল করছে। এবার প্রি-টেস্টের চেয়ে টেস্টে তুলনামূলক ভালো করেছে তারা। পরীক্ষার্থী আলামিন, তানবির, মিতু আক্তার ও তামান্না আক্তার বলে, ‘প্রতিদিন বিষয়ভিত্তিক মডেল টেস্ট নেওয়ার ফলে আমাদের অনেকটা উন্নতি হয়েছে। আশা করছি ফাইনালে ভালো করব।’প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছর ৬৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্রছাত্রীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ছেলেরা বই-খাতা, পোশাক-আশাক নিয়ে স্কুলে এসে থাকে। আর মেয়েরা সন্ধ্যার আগে বই-খাতা নিয়ে বাড়ি চলে যায়।’ বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ৭৩৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ১০ জন। ২০০৮ সালে এ বিদ্যালয় থেকে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে আশানুরূপ ফল করতে পারেনি। এরপর থেকেই নেওয়া হয় বিশেষ এ ব্যবস্থা। ফলও মেলে পরের বছরই। ২০০৯ সালে এসএসসিতে সাতজন জিপিএ-৫ পায়। পরের বছর তিনটি ও গত বছর চারজন জিপিএ-৫ পায়। গত দুই বছর বিদ্যালয়ে শিক্ষার্থীদের রেখে পড়ানোর এ রীতি তেমন একটা অনুসরণ করা হয়নি। ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়ে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ের ছাত্রদের লেখাপড়ার বিষয়টি দেখে এসেছি। এককক্ষে এতগুলো ছাত্রের থাকতে নিশ্চয়ই খুব কষ্ট হয়। বিদ্যালয়টিতে আবাসিক ব্যবস্থা করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব।’