নাকাটি-ভাবনাগঞ্জ সড়কে শুরু হচ্ছে নির্মাণকাজ
অবশেষে শুরু হচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটি-ভাবনাগঞ্জ সড়ক ও কালভার্ট নির্মাণকাজ। সড়কটি নির্মিত হলে উপজেলার কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৪-১৫টি গ্রামের ২০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ কমবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ টেকসই বস্তুগত উন্নয়ন প্রকল্পের আওতায় পীরগঞ্জের ভামদা দাখিল মাদ্রাসা থেকে শুরু হয়ে ভাবনাগঞ্জ পর্যন্ত চার কিলোমিটার সড়ক ও তিন দশমিক ৬৪০ মিটার দীর্ঘ এবং ১৮ ফুট চওড়া একটি বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৪০৩ টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক ও কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে ঠাকুরগাঁও এলজিইডি। ঠিকাদারের দাখিল করা দরপত্রগুলো মূল্যায়নের জন্য ওই মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সাত মাসেও অনুমোদন না হওয়ায় নির্মাণকাজ অনিশ্চিত হয়ে যায়।
এদিকে ঠাকুরগাঁওয়ে এম এইচ অ্যান্ড পিসিএল (জেভি) নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ না পেয়েই ফেব্রুয়ারি মাসে ওই রাস্তা নির্মাণের জন্য ইটের খোয়া এবং বক্স কালভার্ট নির্মাণের জন্য মূল রাস্তা কেটে সেখানে রড বসিয়ে পাথর ফেলেন। কিন্তু এডিবি থেকে অনুমোদন ও এলজিইডি থেকে কার্যাদেশ না পাওয়ায় জুন মাসের শেষের দিকে কালভার্টের নির্মাণসামগ্রী ফিরিয়ে নেন ওই ঠিকাদার। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহ নূর বলেন, চুক্তি অনুযায়ী আগামী মাসের প্রথম দিকেই নির্মাণকাজ শুরু হবে।