নাকুগাঁও শুল্ক স্টেশন এখন পূর্ণাঙ্গ স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত নাকুগাঁও শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে বন্দরটির অবকাঠামোগত উন্নয়নসহ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত ৩০ অক্টোবর প্রকাশিত গেজেটে এ প্রজ্ঞাপন জারি করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন ২০১০-এর ২০/৩এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার গত ২৭ অক্টোবর নালিতাবাড়ীর নাকুগাঁও শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করেছে এবং গত ৩০ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. বায়তুল আমীন ভূঁইয়া স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান নাকুগাঁও শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে উন্নীত করার প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ বন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যে ১০ দশমিক ৫৫ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় নাকুগাঁও স্থলবন্দরে বিডিআর ক্যাম্প, পুলিশ স্টেশন, কাস্টমস ভবন, মালামাল সংরক্ষণের জন্য ওয়্যার হাউস ও ব্যাংক স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।অন্যদিকে শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বলেন, শেরপুর-ঢাকা মহাসড়কের সঙ্গে ১৭১ কোটি টাকা ব্যয়ে নাকুগাঁও স্থলবন্দরের ৩০ কিলোমিটার সড়ক জাতীয় মহাসড়কে উন্নীত করণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।ব্যবসায়ীরা বলছেন, নাকুগাঁও স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।গত ২৩ সেপ্টেম্বরের প্রথম আলোয় ‘নাকুগাঁও স্থল-শুল্কবন্দর পিছিয়েই আছে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।