শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে পাথর আমদানি কার্যক্রম চালু ও কাজের দাবিতে গতকাল বুধবার সড়কে ব্যারিকেড দিয়ে দুই কাস্টমস কর্মকর্তাকে অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।
বন্দরের কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাকুগাঁও পূর্ণাঙ্গ স্থলবন্দর হওয়া সত্ত্বেও, কাস্টম কর্তৃপক্ষের নিত্যনতুন আইন প্রয়োগের কারণে এর কার্যক্রম দিন দিন গতিহীন হয়ে পড়েছে। বেকার হয়ে পড়েছেন প্রায় দুই হাজার শ্রমিক। তাই কাজের দাবিতে গতকাল বিকেল চারটায় কাস্টমস কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে কাস্টমস সুপার আবদুল মান্নান ও সহকারী কাস্টমস কর্মকর্তা আবদুস সাত্তারকে অবরোধ করে রাখেন তাঁরা। কাজের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে শ্রমিক নেতারা ঘোষণা দিয়েছেন। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
নাকুগাঁও বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, দুই বছর ধরে কয়লা আমদানি বন্ধ। কাস্টম কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া আইনের কারণে ব্যবসায়ীরা পাথর আমদানি করতে পারছেন না।
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে কাস্টম কর্তৃপক্ষ নানা আইন চাপিয়ে দিয়েছে। এতে কয়লা-পাথর আমদানি করে ব্যবসায়ীদের কোনো লাভ হবে না। তাই ভারত থেকে কয়লা-পাথর আমদানিতে তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
সহকারী কাস্টমস কর্মকর্তা আবদুস সাত্তার সন্ধ্যা সাতটায় মুঠোফোনে বলেন, ‘বিকেল থেকে আমরা অবরুদ্ধ আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
নালিতাবাড়ী থানার ওসি এ কে এম ফসিহুর রহমান বলেন, কাউকে অবরোধ করে রাখার তথ্য ঠিক নয়।