নাকুগাঁওয়ের গণকবরের কথা কেউ মনে রাখেনি
সীমান্তের শূন্যরেখার এপারে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের গণকবর, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিহত নয় সদস্যের সৎকারের স্থান। ভারতের অংশে আছে স্মৃতিফলক। সেখানে প্রতিবছরই নিহত বিএসএফ সদস্যদের স্মরণে অনুষ্ঠান হয়। আর এ পারে যে গণকবর আছে, তা বোঝাই দায়।
স্বাধীনতার সাড়ে চার দশক পরও এমন অযত্ন-অবহেলায় পড়ে আছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গণকবর। নাকুগাঁও স্থলবন্দরের অভিবাসী তল্লাশিচৌকির কাছে ভোগাই নদের তীরঘেঁষা এ স্থানে অন্তত ৫০-৬০ জন বাংলাদেশিকে কবর দেওয়া হয়েছিল। এ স্থানটায় তাঁরা ১৯৭১ সালের ২৫ মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন। ২০ শতক জমিতে এই গণকবর।
পৌর শহরের নিচপাড়া এলাকার বিভারাণী দের (৮৫) স্বামীকেও এই গণকবরে রাখা হয়েছে। বিভারণী বলেন, ‘আমার স্বামীসহ অনেককেই হত্যা করে পাকিস্তানি বাহিনী। কিন্তু সবাই তাঁদের ভুইলা গেছে। নাকুগাঁওয়ে শহীদদের নামসহ একটা স্মৃতিফলক হইলে ভালো অইতো।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাব উদ্দিন বলেন, এখানে স্মৃতিফলক নির্মাণের দীর্ঘদিনের দাবি নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের । এখানে স্মৃতিফলক হলে নতুন প্রজন্মসহ দুই দেশের মানুষই সেই নির্মম গণহত্যার কথা জানতে পারবে।