নাকে পোকার বাসা!
মানুষের নাকে পোকার বাসা! শুনলেই গা শিউরে ওঠে। কিন্তু ঘটনার সত্যতা মিলেছে বরিশালে। হনুফা বেগম (৪৫) নামের এক নারীর নাকে বাসা বেঁধেছিল পোকা। ওষুধ সেবনের পর নাক থেকে পোকা বের হতে শুরু করে। চার দিনে হনুফার নাক দিয়ে ৭০ থেকে ৮০টি পোকা বের হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ঘুমের মধ্যে নাকে মাছি ডিম পেড়েছে। নাকের ভেতরে তা বংশবিস্তার করেছে। দ্রুত চিকিৎসা করা না হলে পোকা মস্তিষ্কে ঢুকে পড়তে পারত।
হনুফা বেগমের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামে। গ্রামেই থাকেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে মাথাব্যথা হলে চোখ দিয়ে পানি পড়ত। হঠাৎ তাঁর হাঁচির সঙ্গে রক্ত পড়তে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হাঁচির সঙ্গে বের হতে থাকে সাদা পোকা।
হনুফা বেগম আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, মাথাব্যথা থাকলেও কখনো বড় ধরনের সমস্যা হয়নি। তীব্র ব্যথা হলে চোখ দিয়ে পানি পড়ত। আবার তা সেরেও যেত। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে দুবার হাঁচি দেন তিনি। এ সময় চোখ ও নাক দিয়ে পানি পড়া শুরু হয়। একপর্যায়ে নাক দিয়ে রক্ত বের হতে দেখে তিনি ভয় পান। পরে মুলাদি থেকে গৌরনদীর একটি ক্লিনিকের চিকিৎসককে দেখান। তিনি রক্ত বন্ধ হওয়ার ওষুধ দেন। বাড়ি ফিরে সেই ওষুধ খেতে শুরু করেন হনুফা বেগম। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ২৩ ফেব্রুয়ারি বরিশালে আসেন তিনি। সেখানে নাক-কান-গলা বিশেষজ্ঞ খান আবদুর রউফকে দেখান। গত ২৪ ফেব্রুয়ারি ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হাঁচি দেন হনুফা বেগম। ওই দিন কয়েকবার হাঁচির সঙ্গে ১০ থেকে ১৫টি সাদা পোকা নাক থেকে বের হয়। পরে একইভাবে নাক দিয়ে পোকা বের হতে থাকে। গত দুই দিন আর কোনো পোকা বের হয়নি। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। আজ দুপুর পর্যন্ত তিনি নগরের রয়েল সিটি হাসপাতালের দোতলায় ২০৬ নম্বর কক্ষে চিকিৎসাধীন।
হনুফা বেগমের ছেলে মো. আবু বকর বলেন, ‘মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে শুনে তাঁকে বরিশালে নিয়ে আসি চিকিৎসককে দেখানোর জন্য। চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি ওষুধ দেন এবং নাকের ভেতর যন্ত্র দিয়ে পরীক্ষা করেন। ২৪ ফেব্রুয়ারি থেকে হাঁচির সঙ্গে নাক দিয়ে পোকা বের হতে শুরু করলে মা ও আমরা ভয় পাই। কিন্তু পোকাগুলো বের হয়ে যাওয়ার পর মা অনেকটা সুস্থ আছেন।’
এ ব্যাপারে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক খান আব্দুর রউফ প্রথম আলোকে বলেন, হনুফা বেগম হয়তো কোনো খোলা স্থানে ঘুমিয়ে ছিলেন। তখন মাছি তাঁর নাকে ডিম পেড়েছে। ওই ডিম থেকে ম্যাগোট তৈরি হয়েছে। ওই ম্যাগোট নাক, চোখ ও কপালের মাঝখানের ফাঁকা স্থানে বাসা বেঁধেছে। ম্যাগোটগুলো ওখানে বংশবিস্তার করেছে।
ম্যাগোটকে ‘পোকা’ উল্লেখ করে খান আবদুর রউফ বলেন, পোকার কারণেই হনুফা বেগমের মাথাব্যথা হতো এবং চোখ দিয়ে পানি পড়ত। সিটিস্ক্যান করে পোকার অবস্থান নির্ণয় করে ওষুধ দেওয়া হয়েছে। এরপর হাঁচির সঙ্গে পোকাগুলো বের হতে শুরু করে। পরে তা ওয়াশ করা হয়েছে। গত কয়েক দিনে ৭০ থেকে ৮০টি পোকা বের হয়েছে। আশা করা যায়, এখন আর সেখানে কিছু নেই। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
চিকিৎসক বলেন, এ ধরনের রোগে আক্রান্ত দু-একজন রোগী দু-চার বছরে পাওয়া যায়। তবে তাঁদের নাক দিয়ে এত পরিমাণ পোকা বের হওয়ার কথা শোনা যায়নি।