রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় টেকা দায় হয়ে পড়েছে৷ অনেক রোগী দুর্গন্ধের কারণে চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল ছাড়ছে৷ যারা বাধ্য হয়ে থাকছে, তারা নাকে–মুখে কাপড় চেপে কোনোমতে পড়ে আছে৷ পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে৷
গত শনিবার রাত ১১টায় সরেজমিনে দেখা যায়, মহিলা ওয়ার্ডের মেঝেতে ময়লা যেন লেপ্টে আছে৷ রোগীদের ব্যবহার করা পাত্রগুলো কয়েক দিন ধরে পরিষ্কার করা হয়নি৷ এ নিয়ে কথা হয় শাহাপুর গ্রাম থেকে আসা মারুফা বেগমের (৩৩) সঙ্গে৷ পেটের পীড়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ঘণ্টা খানেক আগে রাত ১০টার দিকে ভর্তি হয়েছেন তিনি৷ তাঁকে স্যালাইন েদওয়া হয়েছে৷ নাকে–মুখে কাপড় গুঁজে শুয়ে আছেন তিনি৷ মারুফা বলেন, ‘খুব গন্দ৷ নিকাশ (নিঃশ্বাস) নেওয়া যাওচে না৷ ভর্তি হওয়ার পর থাকি গন্ধে বমি আইসোছে৷’ পরে দুর্গন্ধ সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থাতেই রাত ১২টায় স্বেচ্ছায় হাসপাতাল ছাড়েন মারুফা৷ যাওয়ার সময় মারুফার স্বামী সাইদুল হক ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘অ্যাটে কোনা থাকলে গোন্দোত মানুষ মরি যাইবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাহ উদ্দীন মাহমুদ মুঠোফোনে বলেন, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর (সুইপারের) পদ পাঁচটি। আছেন মাত্র একজন। এতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় কিছুটা সমস্যা হচ্ছে।
ভর্তি থাকা এক রোগীর স্বজন রব্বানী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এইটে কোনা যারা ভর্তি হয়, তারা যেন মানুষ নোয়ায়৷ জানোয়ার৷ দেকেন, কোনো পরিষ্কার নাই। সবায় নাকমুখ বান্দি আছে। ডাক্তার আসি যদি শুতি থাকিল, তায় বুঝিল হয়।’
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যার এই হাসপাতালে ৮ মে পুরুষ ও মহিলা ওয়ার্ড মিলিয়ে রোগী ভর্তি ছিল ৭৬ জন৷ দুর্গন্ধে টিকতে না পেরে ১৬ মে পর্যন্ত ৩৫ জন স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে যায়৷ ১৭ মে রাতের মধ্যে হাসপাতাল ছাড়ে আরও ছয় রোগী৷
নাম প্রকাশ না করার শর্তে এক সেবিকা বলেন, আট থেকে দশ দিন ধরে এখানকার ওয়ার্ডগুলো পরিষ্কার করা হয়নি।
১৭ মে হাসপাতালে চিকিৎসার দায়িত্বে থাকা হেমন্ত রায় বলেন, ‘রোগীদের অভিযোগ অনেকটাই ঠিক। সুইপার সমস্যায় ওয়ার্ড ঠিকমতো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এতে আমরাও অস্বস্তিতে আছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বলেন, ‘গত বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে হাসপাতালে গিয়ে দুর্গন্ধ দূর করতে কর্তব্যরত চিকিৎসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি৷ তিনি ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
রংপুরের সিভিল সার্জন মোজাম্মেল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি দেখব।’