রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বহির্বিভাগে গতকাল মঙ্গলবার একজন চিকিৎসকও ছিলেন না। চিকিৎসা না পেয়ে বিক্ষোভ করেন কয়েক শ রোগী ও তাঁদের স্বজন। চিকিৎসক-সংকট ও অনুপস্থিতির কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, সকাল নয়টা থেকে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বহির্বিভাগে কেউ চিকিৎসাসেবা পাননি। কারণ, তখন বহির্বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। সেবা না পেয়ে দেড় শতাধিক রোগী ও তাঁদের স্বজন সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেন।
বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, নাক-কান-গলা বিভাগের বহির্বিভাগের সামনে রোগী ও স্বজনদের ভিড়। হাসপাতাল সূত্র জানায়, নাক-কান-গলা বিভাগের নয়জন চিকিৎসকের মধ্যে পাঁচটি পদ শূন্য। বাকি চারজনের মধ্যে একজন অসুস্থ। একজন আছেন ছুটিতে। বাকি দুজনের ওই সময় বহির্বিভাগের দায়িত্ব ছিল না। এ কারণে গতকাল একজন চিকিৎসকও ছিলেন না।
নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান আবদুল ওয়াহেদ খান দুপুর ১২টার দিকে বলেন, ‘এ ধরনের সমস্যা হওয়ায় আমি হাসপাতালের পরিচালকের কাছে ছুটে যাই। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলি। কিন্তু তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে পারিনি।’
হাসপাতালের পরিচালক আবদুল বাতেন বলেন, ‘আগামী দিনে এ ধরনের সমস্যা যেন আর না হয় তা গুরুত্ব সহকারে দেখা হবে।’