নাখালপাড়ায় হেলে পড়া পাঁচতলা বাড়ি ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ায় কিছুটা হেলে পড়া পাঁচতলা বাড়িটি গতকাল বৃহস্পতিবার ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ৫ জুন বাড়িটি হেলে পড়ে। এ ছাড়া মালিবাগে অভিযান চালিয়ে একটি ছয়তলা বাড়ির বাড়তি অংশ ভাঙে রাজউক। গতকাল সকালে রাজউক এক প্লাটুন পুলিশ ও নিজস্ব শ্রমিক নিয়ে ৫৩৭/১ পূর্ব নাখালপাড়ার বাড়িতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানকালে এলাকার কিছু লোক ভাঙার বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পুলিশ ও রাজউকের কর্মকর্তাদের অনুরোধে তাঁরা সরে পড়েন। রাজউক সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে তৈরি নাখালপাড়ার এই বাড়িটির কোনো অনুমোদনই ছিল না। বাড়ির পাশে কোনো রাস্তাও নেই। সেই সঙ্গে সমবায় সমিতির একটি রাস্তার অংশ দখল করে বাড়িটি সম্প্রসারণ করা হয়। গতকাল ওই বাড়িতে অভিযান চালাতে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা জানান। ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানীর অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার রাজউকের উদ্যোগের অংশ হিসেবে নাখালপাড়ার এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। কোনো রাস্তা না থাকায় বাড়ি ভাঙার কাজে বুলডোজার ব্যবহার করা যায়নি। রাজউকের শ্রমিকেরা শাবলের সাহায্যে গতকাল বিকেল চারটা পর্যন্ত বাড়ির বিভিন্ন তলার সীমানাদেয়াল ভেঙে দেন। বাইরের দেয়ালও ভাঙা হয়। রাজউকের অথরাইজড কর্মকর্তা শফিকুর রহমান জানান, বাড়িটির বাকি অংশ আগামী রোববার ভাঙা হবে। এদিকে গতকাল দুপুরে মালিবাগে ১৪৮ নম্বর বাড়িতে অভিযান চালায় রাজউক। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা জানান, একচ্যুয়াল ডেভেলপার নামের একটি কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। ছয়তলা বাড়ির চারপাশে পাঁচ ফুট বাড়তি অংশ তৈরি করা হয়েছে, যা বাড়িটির জন্য ঝুঁকিপূর্ণ। বাড়ির বাড়তি অংশের দেয়াল ও রড ভেঙে দিয়েছেন শ্রমিকেরা। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউক পাঁচ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে। তালিকার বাইরেও রয়েছে আরও সমসংখ্যক ভবন। পর্যায়ক্রমে সব ভাঙা হবে। কাল শনিবার ও সোমবার বেগুনবাড়ি এলাকায় অভিযান শুরু হবে।