নাগর নদ দখল করে উঠছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লায় দুই চিকিৎসক নাগর নদের তিন শতক জমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণকাজ শুরু করেছেন। স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা, এই ভবন নির্মাণের কারণে নৌ-চলাচল ব্যাহত হবে এবং নদরক্ষা বাঁধ বিলীন হয়ে যাবে। স্থানীয় প্রশাসন নির্মাণাধীন অবকাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, কাঁটাপুকুরিয়া মৌজার পাঁচ নম্বর দাগের তিন শতক জমি অনেক আগেই নাগর নদে বিলীন হয়েছে। নদী শিকস্তি আইন অনুযায়ী বর্তমানে এই তিন শতক জমির মালিক সরকার। কিন্তু এই জমির আগের মালিক চিকিৎসক আহাদ আলী ও আমিন উদ্দিন নদের ভেতরের এই জমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারের কার্যালয় থেকে এই জমি জরিপ করা হয়। জরিপ শেষে নির্মিত অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য এই চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সিংড়া সহকারী জজ আদালতে সহকারী কমিশনারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আদালত ১৪ আগস্ট উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ কারণে ভবনের নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদের নিচ থেকে আরসিসি পিলার দিয়ে ভবনের নিচের অংশের কাজ শেষ করা হয়েছে। এখন নির্মাণাধীন ভবনের প্রায় ১০ ফুট অংশ পানিতে ডুবে আছে। ভবন ঘেঁষে নৌযান চলাচল করছে।সিংড়া পৌরসভার কাউন্সিলরমীর শফিকুল ইসলাম জানান, ভবনটি পুরোপুরি নদের ভেতরে করা হচ্ছে। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রাতে অসাবধানতার কারণে নৌযান এই ভবনের সঙ্গে ধাক্কা লাগতে পারে। এ ছাড়া এই ভবন নির্মাণের কারণে ওই জায়গায় নদ সরু হয়ে গেছে। এতে নদের গতিপথ বাধাগ্রস্ত হয়ে পানির চাপে সেখানকার সংরক্ষণ বাঁধ ভেঙে যেতে পারে।আহাদ আলী বলেন, ‘মাপজোখ করে আমাদের জমির মধ্যে আমরা ভবন নির্মাণ করছি। জমির কিছু অংশ নদের ভেতরে ভেঙে গেলে তা নদী শিকস্তি হয় না। সহকারী কমিশনার ভুল ব্যাখ্যা দিয়ে ভবন নির্মাণে বাধা দিয়েছেন। আমি আইনের আশ্রয় নিয়েছি। দেখা যাক কী হয়।’সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, ‘নদী শিকস্তি আইন অনুযায়ী জমির ওই অংশের মালিক এখন সরকার। তাই সরকারি দায়িত্ব পালনের স্বার্থে আমি নদীর ভেতর থেকে অবকাঠামো সরিয়ে নেওয়ার অনুরোধ করেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। অথচ আহাদ আলী আমার নামে মামলা করেছেন। আমি আদালতে জবাব দিয়েছি। আদালত যেটা ভালো মনে করবেন, তা-ই হবে।’