নাগরপুরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত সোমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার খাষ পাইকাল গ্রামে বাবার বাড়িতে তিনি মারা যান।
সোমা আক্তারের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, স্বামী রুহুল আমিনের দেওয়া আগুনে সোমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমার বাবা চান মিয়া ৯ জুন রুহুল আমীনের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা করেন।
সোমা আক্তারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তিন বছর আগে সোমার সঙ্গে খাষ পাইকাল গ্রামের রুহুল আমীনের বিয়ে হয়। ৫ জুন ভোর পাঁচটার দিকে সোমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন রুহুল। এতে তাঁর সারা শরীর দগ্ধ হয়। সোমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে তাঁকে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, সোমার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় চার দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সোমা মারা যান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে সোমাদের বাড়ি থেকে সোমার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমার স্বামী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।