টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের ১৩ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর শুধু একটিতে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
প্রথম দফায় উপজেলার ১২টি ইউপির ১১টিতে ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়নগুলোতে দলের বিদ্রোহী প্রার্থী বেশি হওয়ায় তূণমূল পর্যায়ে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এটা নির্বাচনের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তাঁরা। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহিদুল ইসলাম খান বলেন, বিদ্রোহী প্রার্থীরা দল-মনোনীত প্রার্থীদের জন্য বিষফোড়া হয়ে দেখা দিয়েছেন। তাঁদের কারণে দল-মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। বেকরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী চিত্তরঞ্জন সরকার বলেন, ত্যাগী ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ায় এত বেশিসংখ্যক প্রার্থী বিদ্রোহী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গয়হাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শেখ শামসুল হককে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও সোহেল রানা। বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন হারুন-অর-রশিদ। সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী দাউদুল ইসলাম। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম, তাহেরুল ইসলাম ও শফিকুল ইসলাম। বিএনপি মনোনয়ন দিয়েছে ফরিদ আহমেদ ভূইয়াকে। ধুবুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মতিউর রহমানকে। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সফিকুর রহমান। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন আশিকুর রহমান। মাহমুদনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ কামাল হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন। বিএনপির একক প্রার্থী হলেন মাহে আলম সাবু। মোকনা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শরিফুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাজ্জাদ হোসেন। বিএনপির একক প্রার্থী আতাউর রহমান। বেকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শত্তকত হোসেন মোল্লাকে। দলীয় সিদ্ধান্তের বাইরে চিত্তরঞ্জন সরকার, আসাদুজ্জামান কিসলু ও মোল্লা ওয়াহেদুজ্জান বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির একক প্রার্থী আবদুর বারী। পাকুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সেলিম খান। এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সিদ্দিকুর রহমানকে। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জগলুল হায়দার সিদ্দিকী।
এ ছাড়া নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের কুদরত আলী ও বিএনপির হবিবুর রহমান, সহবতপুর ইউনিয়নে আওয়ামী লীগের আনিছুর রহমান ও বিএনপির আবুল হোসেন, দপ্তিয়র ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হাসেম ও বিএনপির ফিরোজ সিদ্দিকী, ভাদ্রা ইউনিয়নের আওয়ামী লীগের হামিদুর রহমান লালন ও বিএনপির হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে দুই দলেরই কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
জানতে চাইলে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, বিদ্রোহী প্রার্থীদের তালিকা জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী বলেন, একমাত্র পাকুটিয়া ইউনিয়নে দলের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনিও শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন না।