নাগরপুরে রিকশা চালক চার মাস নিখোঁজ, মামলা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এক রিকশাচালক প্রায় চার মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম আরশেদ আলী। তিনি উপজেলার গয়হাটা গ্রামের নয়ন উদ্দিনের ছেলে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।এলাকাবাসী জানান, প্রায় তিন বছর আগে আরশেদ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৈন্যা গ্রামের জয়নাল ফকিরের মেয়ে জাহানারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। দুই বছর তাঁর সঙ্গে ঘর করার পর আরশেদ প্রথম স্ত্রী বাছা খাতুনের কাছে চলে আসেন। এরপর প্রায় এক বছর জাহানারার কোনো খোঁজখবর নেননি তিনি।বাছা খাতুন বলেন, গত ৭ এপ্রিল মুঠোফোনে কল করে বৈন্যা গ্রামে আরশেদকে ডেকে নেন জাহানারা। এর পর থেকেই তাঁর কোনো খোঁজ নেই। এ ব্যাপারে গত ১৪ এপ্রিল নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তিনি গত ৮ মে সিরাজগঞ্জের বিচারিক হাকিম আদালতে আটজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন জাহানারা, তাঁর ভাই আরিফ, জাফর, জাকির এবং পার্শ্ববর্তী এলাকার শহিদুল ইসলাম, ইব্রাহীম ফকির, জাহিদুল ইসলাম ও বাদশা ফকির। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর বলেন, মামলার তদন্ত চলছে।