নাগরপুরের ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নিয়ে জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গতকাল সোমবার স্থগিত হয়ে গেছে। আজ মঙ্গলবার এখানে ভোট নেওয়ার কথা ছিল।

এদিকে সমান ভোট পাওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরের তরফপুর ইউপির একটি সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মারা যাওয়ায় সেখানে আজ উপনির্বাচন হবে।

নাগরপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভারড়া ইউপি নির্বাচনে ২৩ মে (আজ) ভোট নেওয়ার তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী সব প্রস্তুতি শেষ করা হয়। কিন্তু ভারড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া ভাঙনকবলিত ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। এর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ইউপিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণার আদেশ দেন। আদালতের এ-সংক্রান্ত আদেশের কপি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের (নিকস) স্থগিতাদেশ গতকাল দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে। এরপর নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন গণবিজ্ঞপ্তি দিয়ে ইউপিটিতে নির্বাচন স্থগিত করেছেন।

এদিকে মির্জাপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ১৬ এপ্রিল তরফপুর ইউপিতে ভোট হয়। এতে ১, ২ ও ৩ নম্বর (সংরক্ষিত ১) ওয়ার্ডেসদস্য পদে রোকেয়া বেগম ও শিমা আক্তার ১ হাজার ৯৭৮টি করে ভোট পান।

ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনে সমান ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ৬ হাজার ১৩৪ জন। নির্বাচনে তরফপুর, তরফপুর পূর্বপাড়া ও আব্দুর রহমানের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তরফপুর আশ্রয়ণকেন্দ্রে ভোট নেওয়া হবে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মহাদান ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মজনু মিয়া গত ফেব্রুয়ারিতে মারা যান। এ কারণে ১১ ফেব্রুয়ারি তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়। আজ সেখানে উপনির্বাচন হবে। এতে ৩ হাজার ৮০০ জন ভোটার ভোট দেবেন। সানাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হবে। নির্বাচনে উচ্চ গ্রামের তোতা মিয়া, সানাকৈরের নজরুল ইসলাম ও সামছুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিঙ্গারভিটা গ্রামের বিলাত আলী বলেন, ‘এই ভোটকেন্দ্রে সব নির্বাচনে মারামারি হয়। ভয়ে ভোট দিতে যাব কি না চিন্তায় আছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ভোট গ্রহণে ৪২ জন পুলিশ সদস্য, দুজন প্রিসাইডিং কর্মকর্তা, ২০ জন পোলিং কর্মকর্তা ও ১৩ জন আনছার সদস্য কাজ করবেন।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন টাঙ্গাইল, মির্জাপুর ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]