নাগরাজের পূজার জন্য দুধ দিয়ে স্নান করছে শ্রীমতী!
পুরোনো একটি বটগাছের নিচে বালতিতে দুধ রাখা। পাশেই দাঁড়িয়ে কিশোরী শ্রীমতী রিকমন। একটু পরপর শ্রীমতি সেই দুধ দিয়ে স্নান করছে। আর এ দৃশ্য চারপাশে গোল করে দেখছে কয়েক হাজার নারী-পুরুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের হিমশিম খাওয়ার মতো অবস্থা। পরিবারের দাবি, শ্রীমতীর স্বামী নাগরাজকে (সাপ) হত্যার পর সে ক্ষোভে মানুষরূপী ‘নাগিনী’ হয়ে গেছে। দুধ দিয়ে স্নান শেষে সে মৃত স্বামীর পূজা দেয়।ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা-বাগানের কৃষ্ণনগর গ্রামের। গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে।সরেজমিনে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের চা-শ্রমিক শিবশংকর রিকমন ও রিনা রিকমনের মেয়ে শ্রীমতী রিকমন (১৩)। সে উপজেলা সদরের জুড়ী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।পরিবারের লোকজন জানান, শ্রীমতীর চাচা কৃষ্ণ রিকমন (৩৫) গত রোববার বিকেলে বাড়ির পাশের খেতে ধান কাটতে গিয়ে একটি বিষাক্ত সাপ দেখতে পান। তিনি ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। শ্রীমতি এ দৃশ্য দেখে অস্থির হয়ে পড়ে। এর পর থেকে সে অস্বাভাবিক আচরণ শুরু করে।শ্রীমতীর চাচা কৃষ্ণ রিকমন জানান, শ্রীমতী বলেছে, ওই সাপটি তার স্বামী নাগরাজ ছিল। নাগরাজকে মারার পর সে নাগিনী হয়ে গেছে। এখন প্রতিদিন দুপুরে সে নাগটিলার বটগাছের নিচে যায় এবং দুধ দিয়ে গোসল করে স্বামীর পূজা দেয়। অন্যান্য লোকজন তাকে এ দুধ, কলা ও আগরবাতি দেয়। তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়।গতকাল এ ঘটনা দেখতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘ঘটনাটি সাজানো। মেয়েটিকে খুবই অসুস্থ মনে হয়েছে। দ্রুত তার চিকিৎসা দরকার।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা বলেন, ‘ঘটনাটি শুনেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।’জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক জানান, ভিড় ঠেলে মেয়েটিকে একাধিকবার উদ্ধার করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু লোকজনের বাধার মুখে তা সম্ভব হয়নি।