নাগরিক অধিকার নিশ্চিতে ক্বাফীকে নির্বাচিত করার অনুরোধ
সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল্লাহ আল ক্বাফীকে (ক্বাফী রতন) নির্বাচিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান। ক্বাফী সিপিবি-বাসদ সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ প্রার্থী।
ক্বাফীর সমর্থনে গতকাল বুধবার অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে মনজুরুল আহসান এ কথা বলেন। রাজধানীর কড়াইলের এরশাদ হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজক ছিল কড়াইল বস্তিবাসী।
মনজুরুল আহসান খান আরও বলেন, ঢাকা শহরে নির্বিচারে বস্তি, রিকশা উচ্ছেদ হয়, গরিব মানুষের ওপর নির্যাতন চলে। আওয়ামী লীগ, বিএনপিসহ ধনিক শ্রেণির দলগুলো দখল আর উচ্ছেদের পক্ষ নেয়। আর বামপন্থীরা উচ্ছেদের বিরুদ্ধে বুক বেঁধে লড়াই করে। দেশে যে সংকট চলছে তা কাটাতে দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম শক্তির উত্থান ঘটাতে হবে। আর বিকল্প রাজনীতির সঙ্গে বিকল্প নেতৃত্ব চাই। সিটি নির্বাচনে বিকল্প নেতৃত্ব বেছে নিতে হবে। সমাবেশে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ‘গরিব-মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সাধারণ মানুষের স্বার্থের নীতির ভিত্তিতে ঢাকাকে গড়ে তুলতে চাই।’ নির্বাচিত হলে বস্তিবাসীদের আবাসনসংকট সমাধানের আশ্বাস দেন তিনি।
বস্তিবাসী নেত্রী সেতারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহসহ কয়েকজন নেতা। সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করা হয়।
আবদুল্লাহ আল ক্বাফী আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করবেন।