নাগরিক ঐক্য ৩০০ আসনে প্রার্থী দেবে
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা স্বতন্ত্র হিসেবে ৩০০ আসনে প্রার্থী দেবেন। গতকাল শনিবার নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মান্না বলেন, মানুষ দুই দলের বাইরে তৃতীয় শক্তি খুঁজছে। যদিও নির্বাচন নিয়ে সংশয় আছে। কিন্তু নির্বাচন হলে নাগরিক ঐক্য ৩০০ আসনে প্রার্থী দেবে। গণফোরামের সঙ্গে নাগরিক ঐক্যের একটি মোর্চা গঠনের চেষ্টা চলছে। আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা নাগরিক ঐক্যের সঙ্গে আছেন বলেও দাবি করেন তিনি।
মান্না আরও বলেন, ঢাকার ১৪টি আসনে ইতিমধ্যে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম বলেন, প্রধানমন্ত্রী সরকারের মেয়াদ বাড়াতে দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন কি না, সেটা দেখতে হবে। নাগরিক ঐক্য ঢাকা উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলীয় নেতা সিরাজুল ইসলাম, এনামুল হক, কাজী নুরুন্নবী প্রমুখ।