নাগরিক ঐক্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা শেষ না করেই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্য। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মান্নার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করা প্রয়োজন। তিনি আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন। গ্রেপ্তারের পর দীর্ঘ রিমান্ডে তাঁর অবস্থার এতই অবনতি ঘটে যে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করতে হয়। কিন্তু চিকিৎসা শেষ না করেই সেখান থেকে তাঁকে কারাগারে নেওয়া হয়েছিল। ফলে আবারও তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু গত বুধবার তাঁকে সেখান থেকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানকার ছাড়পত্রে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ জামাল কাদেরী। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ না মেনেই মান্নাকে আবার কারাগারে নেওয়া হয়েছে। অসুস্থ মান্নাকে হাসপাতালে না রাখার অর্থ হচ্ছে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। বারবার আবেদন করা সত্ত্বেও তাঁকে ডিভিশন দেওয়া হয়নি।
মাহমুদ কাদেরী বলেন, ‘মান্নার হৃদ্রোগ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আঘাতপ্রাপ্ত চোখে মারাত্মক সমস্যা, উচ্চ রক্তচাপসহ শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে। তাঁকে সার্বক্ষণিক চিকিৎসাধীন না রাখলে যেকোনো সময় বিপদ হতে পারে। এ অবস্থায় একান্ত মানবিক বিবেচনায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মান্নার জীবন রক্ষার্থে তাঁকে হাসপাতালে রেখে আধুনিক চিকিৎসা লাভের সুযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
লিখিত বক্তব্য শেষে এক প্রশ্নের জবাবে মাহমুদ কাদেরী বলেন, চিকিৎসা শেষ না করে কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা আদালতকে অবহিত করবেন।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক, ফজলুল হক, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। একই সময়ে জেলার নেছার আহমেদের মুঠোফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে কেউ ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক আবু আজম প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্নার হৃদ্রোগ-সংক্রান্ত যাবতীয় চিকিৎসা সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কোনো সমস্যা বোধ করলে তা কারা কর্তৃপক্ষকে জানাতে মান্নাকে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন কথোপকথনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনানীর এক বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর প্রায় ২১ ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি। ২৪ ফেব্রুয়ারি রাতে গুলশান থানায় মান্নাকে হস্তান্তর করে র্যাব। ওই দিন তাঁকে ধানমন্ডি থেকে আটকের কথা জানানো হয়। ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এই মামলায় খোকাকেও আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নাকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।