নাগরিক ঐক্যের দুর্নীতিবিরোধী কর্মসূচি হবে শহীদ মিনারে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে দুর্নীতিবিরোধী অবস্থান কর্মসূচি পালনে পুলিশের অনুমোদন না পেয়ে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে নাগরিক ঐক্য। বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান। তিনি বলেন, তাঁরা গতকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ তাঁদের আবেদনের জবাব দেয়নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘২৯ নভেম্বর ওয়ার্কার্স পার্টি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের মন্ত্রী। এ জন্য ওনার জন্য এগুলো লাগেনি। আমরা তাঁর কর্মসূচির বিরোধিতা করছি না। কিন্তু সরকারপক্ষ যখন চাইবে তখন অনুমোদন লাগবে না, আর বিরোধী পক্ষ যখন চাইবে তখন অনুমোদন লাগবে, এটা হয় না।’