নাগরিক ও রাজনৈতিক অধিকার চ্যালেঞ্জের মুখে: মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিষয়টি চ্যালেঞ্জের মুখে। এ ক্ষেত্রে মুখ লুকিয়ে রাখলে হবে না। চোখ খুলে চ্যালেঞ্জের উত্তরণ ঘটাতে হবে।
আজ রোববার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘কনসালটেশন অন সেকেন্ড সাইকেল ইউপিআর রিকমন্ডেশনস: স্ট্যাটাস অফ ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক প্ল্যানারি সেশনে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের উদ্দেশে বলেন, পরশু ১৯টি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে চোখের জল ফেলে বলেছেন, তাঁদের স্বামী, ভাই বা ছেলেকে ধরে নিয়ে গেছে দুই বছর আগে। পরিবারের সদস্যরা জানতে চেয়েছেন, রাষ্ট্র এঁদের হদিস দেবে কি না। এ ঘটনা নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই সদস্যদের যদি রাষ্ট্র ধরে না নিয়ে থাকে, যদি অপরাধী চক্র নিয়ে থাকে সেখান থেকে উদ্ধারের দায়িত্বও রাষ্ট্রের।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির (ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ) আওতায় বাংলাদেশের দ্বিতীয় মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা হয় ২০১৩ সালে। তখন বাংলাদেশের প্রতিবেদন নিয়ে বিভিন্ন দেশ বেশ কিছু সুপারিশ দেয়। আবার ২০১৭ সালে সরকারকে জেনেভাতে জবাবদিহি করতে হবে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। তখন সরকার আগের সুপারিশ বাস্তবায়নের চিত্র তুলে ধরবে। জেনেভায় সরকার যাতে মাথা উঁচু করে দেশের পরিস্থিতি বর্ণনা করতে পারে সে জন্যই এ মধ্যবর্তী খতিয়ানের আয়োজন করা হয়। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, এনজিও, মানবাধিকার সংগঠন, নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মিজানুর রহমান সরকারের শিশু অধিকার রক্ষার অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে বলেন, পদধ্বনি শোনা যাচ্ছে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ বছরে নেমে আসতে পারে। এটাকে অশনিসংকেত বলেই মনে হচ্ছে।
এ সময় মঞ্চে বসা অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক আপত্তি জানিয়ে বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। এ ধরনের কিছু হবে না।
অনুষ্ঠান শেষে বাল্যবিয়ে নিরোধ আইনের খসড়ায় বিশেষ বিধান বা শর্তে বিয়ের বয়স কমানোর বিষয়টি থাকছে কি না প্রথম আলোর পক্ষ থেকে আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আইনে বয়সের বিষয়টি উল্লেখ থাকবে না। তবে ‘ব্যতিক্রম’ কে তো আর বাদ দেওয়া যাবে না। অনেক সময় বাল্যবিয়ের অপরাধে পুলিশ বাবা-মাকে ধরে নিয়ে যায়। হয়তো বাবা-মা জানেনও না যে তাঁদের মেয়ে বিয়ে করে ফেলেছে।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন নীতি ও আইন প্রণয়নের কথা উল্লেখ করে বলেন, সরকার বিভিন্ন সমস্যা সম্পর্কে যেমন সচেতন, তা প্রতিরোধেও বিভিন্ন কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
মানবাধিকার কমিশন কি স্বাধীন কমিশন?: অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কমিশনের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার সময় কমিশনের দক্ষতা বাড়ানোসহ অনেকগুলো সুপারিশ করা হয়েছিল। তবে আজ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে কমিশন ‘এ’ স্ট্যাটাস অর্জন করতে পারেনি। কারণ কমিশনের উচ্চপদে সরকার আমলাদের নিয়োগ দেয়, তাই কমিশন স্বাধীন না। কমিশনের আর্থিক স্বাধীনতাও নিশ্চিত হয়নি। কমিশনের আলাদা একটি তহবিল গঠন এবং কমিশন তা নিজের ইচ্ছায় খরচ করতে পারবে বলে আইনে উল্লেখ থাকলেও তা কার্যকর হয়নি। ঢাকার বাইরে যাওয়ার জন্য কমিশনের নিজস্ব যানবাহন নেই। ভাড়া গাড়ির বিল দিলে নিরীক্ষা-আপত্তি দিয়ে বলে তা আইন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে করতে হবে।
তাই আবারও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মিজানুর রহমান বলেন, ‘মন্ত্রী, আপনি কীভাবে বলবেন, কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান?’