নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করায় সরকার পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে সরকার অনেক পিছিয়ে আছে। বিশেষত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ফোরাম-বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। তবে কিছু প্রতিবন্ধকতা থাকলেও গত তিন বছরে স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা ও নারী অধিকার রক্ষায় সরকারের অগ্রগতি হয়েছে বলে ফোরাম জানায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফোরামের সভাপতি এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে। জনগণের নিরাপত্তা বোধের অভাব মানবাধিকার পরিস্থিতিকে জটিল করে তুলেছে। দেশে মানবাধিকারবিষয়ক ১৯টি সংগঠনের সমন্বয়কারী হিউম্যান রাইটস ফোরাম। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির (ইউপিআর) আওতায় দেওয়া ফোরামের প্রতিবেদনের সারসংক্ষেপ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এতে ২০০৯ থেকে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে। সুলতানা কামাল বলেন, সরকার ২০০৯ সালে ইউপিআরে বিচারবহির্ভূত হত্যা বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এ ছাড়া পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং আদিবাসীসহ প্রান্তিক মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেও প্রতিজ্ঞাবদ্ধ ছিল সরকার। কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ভূমিকা হতাশাজনক। বিচারব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয়ে সরকারের বক্তব্য সুস্পষ্ট নয়।ফোরামের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১৫৬ জন গুম হয়েছে। এর মধ্যে ২৮ জনের লাশ পাওয়া গেছে। এই সময়ে ক্রসফায়ারের নামে ৪৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।এই প্রতিবেদন তৈরির উদ্দেশ্য দেশের ভাবমূর্তি নষ্ট করা নয়—মন্তব্য করে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতিবাচক অগ্রগতি সাধন করার জন্য এই প্রতিবেদন। মানবাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারকে আরও কত বেশি সংবেদনশীল করা যায়, তা নিয়েই মূলত আমরা কাজ করছি।’জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী সারা হোসেন।বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাাকির হোসেন সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন পড়েন। প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে বিভিন্ন মানবাধিকার ও বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ, জাতীয় মানবাধিকার কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করা হয়।