নাগরিক কমিটির ব্যানারে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করতে পারে তাদের পছন্দের প্রার্থী। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সে লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন। অপরদিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতারা তফসিল ঘোষণার পর থেকে কেন্দ্রের সমর্থনের আশায় ঢাকায় অবস্থান করছেন।বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলে নাগরিক কমিটির ব্যানারে তাদের সমর্থিত প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার জন্য ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের ঢাকার কার্যালয়ে এ বিষয়ে দুটি সভা হয়। সভায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত হবে। ১০ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত লিখিতভাবে দলীয় সভানেত্রীকে জানানো হবে। হেমায়েত উল্যাহ আওরঙ্গ অথবা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার প্রার্থী হতে পারেন।নুরুল ইসলাম বলেন, ‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না গেলে নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী দেবে। তৃণমূল পর্যায়ের এ সিদ্ধান্ত ১০ তারিখে বিএনপির চেয়ারপারসনকে জানানো হবে। তিনি যে প্রার্থীকে সমর্থন দেবেন, আমরা তাঁর পক্ষে কাজ করব।’ ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত রাখার জন্য নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।মিন্টু সরদার বলেন, ‘দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দল নির্বাচন করলে মনোনয়ন চাইব। দল যদি মনে করে, নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করতে হবে; তাহলেও প্রস্তুত আছি।’ হেমায়েত উল্যাহ আওরঙ্গ বলেন, ‘বিএনপি এখনো দলীয়ভাবে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত নেয়নি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার কথা বলছেন। দলীয় সিদ্ধান্ত হলে নির্বাচন করব।’আওয়ামী লীগ সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি ও ১০ ফেব্রুয়ারি জমা নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি হবে সাক্ষাৎকার গ্রহণ। তফসিল ঘোষণার আগ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন লাভের আশায় গণসংযোগ করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, আরেক সাবেক সভাপতি বাহাদুর বেপারী ও প্রয়াত সাংসদ আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক। এ ছাড়া দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে। তাঁরা বর্তমানে ঢাকায় অবস্থান করছে।বাহাদুর বেপারী বলেন, ‘আসনটি শূন্য হওয়ার পর এলাকায় গণসংযোগ করেছি। দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়নের জন্য আবেদন করব। দল মনোনয়ন দিলে নির্বাচনে ভালো ফল করতে পারব।’ এনামুল হক শামীম বলেন, ‘এলাকায় ব্যাপক সাংগঠনিক কার্যক্রম করেছি। নির্বাচন করার জন্য এলাকায় গণসংযোগ করেছি। দলীয় মনোনয়ন চাইব। মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত করতে পারব।’নাহিম রাজ্জাক বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভা ও শোকসভায় নিয়মিত অংশগ্রহণ করছি। এলাকার সাধারণ মানুষ আমার বাবাকে খুব ভালোবাসত। বাবার রেখে যাওয়া কাজগুলো করার জন্য দলীয় মনোনয়ন চাইব।’ গত ২৩ ডিসেম্বর আবদুর রাজ্জাকের মৃত্যুর পর ২৮ ডিসেম্বর শরীয়তপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ১৫ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।