নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুর রহমানকে সমর্থন দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার সোনারগাঁ পৌরসভার তাজপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সমর্থন দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক বশির মোল্লাসহ যুবদল, ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।লিখিত বক্তব্যে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকারের ঢাকার বাসভবনে জেলা ও পৌরসভা বিএনপির নেতাদের যৌথ সভায় নাগরিক কমিটির প্রার্থী সাদেকুর রহমানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।এদিকে নাগরিক কমিটির প্রার্থী সাদেকুর রহমানকে উপজেলা বিএনপির বিবদমান তিনটি পক্ষের নেতা-কর্মীরা ঐকবদ্ধভাবে সমর্থন দেওয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এর আগে জেলা আওয়ামী লীগের একটি অংশও নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দেয়।