নাগরিক পথচলা বিপর্যস্ত

সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার দুর্ভোগের চরম রূপ দেখেছে ঢাকাবাসী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী বিক্ষোভ কর্মসূচি রাজধানী শহরকে দ্বিতীয় দিনের মতো অচল করে দিল। এর আগে গত বৃহস্পতিবারও একই অবস্থার সৃষ্টি হয়েছিল।
>বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী বিক্ষোভ কর্মসূচি রাজধানী শহরকে দ্বিতীয় দিনের মতো অচল করে দিল। এর আগে গত বৃহস্পতিবারও একই অবস্থার সৃষ্টি হয়েছিল
রাজধানীর সব সড়কই উত্তর-দক্ষিণমুখী। এর মধ্যে আবদুল্লাহপুর-গুলিস্তান, কুড়িল উড়ালসড়ক হয়ে গুলিস্তান ও মতিঝিল, গাবতলী-মতিঝিল-সায়েদাবাদ ও মিরপুর রোডে সবচেয়ে বেশি যান চলাচল করে। আর প্রতিটি সড়কেই কোনো না কোনো স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল আটকে দেন।

সাবিরা আক্তার কুষ্টিয়া থেকে সারা রাত বাসে ভ্রমণ করে সকাল ১০টায় নামেন গাবতলী বাস টার্মিনালে। এরপর ওঠেন সায়েদাবাদের একটি বাসে। যানজট ঠেলে আসাদগেটে এসে বাস আটকে যায়। অনিশ্চিত যাত্রাবিরতি ভেবে অন্য বাসের যাত্রীদের মতো তিনিও বাস থেকে নেমে যান, বড় বড় দুটি ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে একটা রিকশা ধরেন, কিন্তু খামারবাড়ি পর্যন্ত এসেই থেমে যেতে হয়। আবার হাঁটা, তারপর ফার্মগেটে এসে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। শেষ পর্যন্ত সাবিরার কী গতি হলো জানা গেল না।
নেত্রকোনার কেন্দুয়া থেকে স্ত্রী ও তিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন আজিজুর রহমান। সবচেয়ে ছোটটির বয়স চার বছর। সে হাঁটতে চায় না। সঙ্গে আবার বড় একটি বস্তা। হিমশিম খাচ্ছিলেন তিনি। কথা বলতে গেলেই রেগে উঠলেন। বস্তা, ছেলেমেয়ে নিয়ে হনহন করে হাউস বিল্ডিং মোড় থেকে হাঁটা শুরু করলেন। শুধু জানা গেল, তাঁর গন্তব্য ফার্মগেট।

রোগের যন্ত্রণার চেয়েও অস্বস্তিকর অপেক্ষা: তীব্র রোদ। গ্রিন রোডের সড়কে থমকে আছে সব যানবাহন। মাঝখানে সাইরেন বাজিয়েই যাচ্ছে অ্যাম্বুলেন্সটি। ৫ মিনিট, ১০ মিনিট করে পেরিয়ে গেল আধা ঘণ্টা। গাড়ি সরছেই না। দুশ্চিন্তা আর অস্থিরতায় কেঁদেই ফেললেন অ্যাম্বুলেন্সে থাকা সিরাজুল ইসলাম। অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন তিনি। ডাক্তারের পরামর্শ করে বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে ভৈরবে যাচ্ছেন। এ অবস্থায় পড়েছেন এই বিপদে।
উত্তরা হাউস বিল্ডিং মোড়ে সকালে কথা হয় বৃদ্ধ আবদুল হালিমের সঙ্গে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অসুস্থ স্ত্রীকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। যাবেন ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। আবদুল্লাহপুর পর্যন্ত আসার পর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাঁদের। বিকেল পাঁচটায় চিকিৎসক দেখানোর কথা। বেলা গড়িয়ে যাচ্ছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটছেন তিনি। যদি হেঁটেই পৌঁছানো যায়! কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাটও তো চেনা নেই। হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন কি না, জানেন না।
স্ত্রী অসুস্থ। তাই পান্থপথে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার দেখানোর পরিকল্পনা নিয়ে ধামরাই থেকে বাসে উঠেছিলেন কবির হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে কলেজগেটে এসে বাস ঘুরিয়ে দেন চালক। রাস্তা ছেড়ে দেবে আশায় সোহরাওয়ার্দী হাসপাতালের গেটে দীর্ঘক্ষণ বসে ছিলেন কবির ও তাঁর স্ত্রী। একপর্যায়ে দেখেন, শ্যামলীতে আশা ইউনিভার্সিটির সামনেও ছাত্ররা রাস্তায় নেমে গেছেন। বিপদ বুঝতে পেরে ডাক্তার না দেখিয়েই বাড়ি ফিরে যান কবির দম্পতি।

ধানমন্ডি ২৭ নম্বরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে মিরপুর রোড ও সাতমসজিদ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ আড়ংয়ের সামনে ফার্মগেট ও নিউমার্কেটমুখী সড়ক আটকে দেয়। বেলা সাড়ে ১১টার পর মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ও বিজয় সরণি যানবাহনশূন্য হয়ে পড়ে। বাস থেকে নেমে ব্যারিকেড পেরিয়ে বিকল্প যানবাহনে যে গন্তব্যে যাবেন, সেই সুযোগও ছিল না।
অথচ এ সময় আসাদগেট, শ্যামলী, নিউমার্কেট এলাকা, সায়েন্স ল্যাবরেটরিতে যানবাহনের চালকেরা ঘণ্টার পর ঘণ্টা বাসের ইঞ্জিন বন্ধ করে বসে থাকেন। অনেকে বাস-গাড়ি ঘুরিয়ে পেছনের দিকে চলার চেষ্টা করলে একেবারেই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।