নাগরিক প্রতিক্রিয়া
ঢাকার কোন এলাকায় মশার উপদ্রব বেশি? সিটি করপোরেশন এলাকায় সব শেষ কবে ওষুধ ছিটিয়েছে? গত রোববার বেলা সোয়া দুইটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ দুটি প্রশ্ন করে নাগরিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিন থেকে চার ঘণ্টার মধ্যে প্রায় ৩০০ মন্তব্য পাওয়া যায়। নাগরিকদের সেই সব মন্তব্যের কয়েকটি তুলে ধরা হলো:
মুগদাপাড়ায় প্রচুর মশা। বলা যায়, মশার সঙ্গে বসবাস করছে মুগদাবাসী—জামান কামরুল
আমি থাকি চানখাঁরপুল, নাজিমউদ্দিন রোডে। সিটি করপোরেশন দুই মাস আগে মশার ওষুধ দিয়েছিল। চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার পর আর দেয়নি—খোরশেদ পলাশ
আজিমপুর এলাকায় মশার কয়েল দিলেও কাজ হয় না—রুবেল রেজা
মিরপুরের পল্লবী মডেল স্কুলের আশপাশে মশার জ্বালায় দিন-রাতের কোনো সময়ই এক মুহূর্ত স্বস্তিতে বসা যায় না৷ দীর্ঘ সাত বছরে স্প্রে বা ফগার মেশিন হাতে কাউকে দেখিনি এই তল্লাটে—মাইনুল শাহিদ
বনশ্রীর কোল ঘেঁষে একটি লেক (নর্দমা) চলে গেছে বহুদূর। সবার বাসার বর্জ্য পড়ছে এই লেকে। পাশ দিয়ে হেঁটে গেলে উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসে। এখানেই শত-সহস্র মশার জন্ম—মিজানুর রহমান
আমার বাসা টিকাটুলীর অভয় দাস লেনে। অভয় দাস লেনের সবাই খুব ভয়ে আছে। কেননা, অধিকাংশই এ রোগের শিকার। আমার দুই শিশুসহ বাসার সবাই আক্রান্ত। সেবা করতে শ্যালিকা ও খালাশাশুড়ি এসেছিলেন, তাঁরাও জ্বরে আক্রান্ত হয়েছেন। মশার কামান নিয়ে লোকেরা বছরে দু-একবার আসেন, কিন্তু আসা দরকার প্রতি সপ্তাহে—সুমন জাহিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মশা ঘুমন্ত মানুষ তুইলা উড়ায়া নিয়ে যায়। কার্জন হল এলাকায় সন্ধ্যার পর হাঁটা পর্যন্ত যায় না—রকিব হোসেন
পূর্ব গোড়ান এলাকায় মশার উপদ্রব। সিটি করপোরেশন এই এলাকায় মশার ঔষুধ দেয় না অনেক দিন—সিমাব নজীর আহমদ
মীরপুর ২ নম্বরে একটি বাসার অষ্টমতলায় থাকি। মশার অত্যাচারে ঘুমাতে পারি না। কখনোই দেখিনি ওষুধ দিতে—শফিউল আল ইমরান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত যেন মশার আবাসিক এলাকা। এখানে মানুষের পক্ষে বাস করা দুষ্কর—আতিকুর রহমান
লালবাগ কেল্লার আশপাশে মাসেও একদিন ওষুধ দেয় না। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি—শরীফ উজ জামান
বনশ্রীতে খুব মশা। সিটি করপোরেশনের তেমন কোনো কাজই এখানে চোখে পড়ে না। নোংরা একটা খাল মশা বিস্তারের উপযুক্ত স্থান—তনুশ্রী দেবনাধ
সাত মাস হয়েছে পূর্ব মালিবাগ এলাকায় বাসা নিয়েছি। কোনো দিন মশার ওষুধ দিতে দেখিনি, শুনিওনি। মাছিও এখানে ভয়ংকর সমস্—আফসার আহমেদ
মিরপুরের পীরেরবাগে ঘরে ঘরে চিকুনগুনিয়া। মশার ওষুধ ছিটানোর মেশিন কাঁধে নিয়ে দুই মাস আগে একজনকে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যেতে দেখেছি। আর খবর নেই—সায়মা ইসলাম
বাসাবোতে মশার উৎপাত। ঔষধ দিতে ছোটবেলায় দেখেছি। আর নজরে আসেনি—আবু জাফর মো. সালেহ
পূর্ব রামপুরা হাইস্কুলের দক্ষিণ পাশের গলিতে মশার মিছিল থাকে সব সময়—জসিম উদ্দিন
হাতিরঝিল থেকে মিছিলসহ মশা আসে দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডায়। এত বড় মিছিল যে পল্টন ময়দানেও জায়গা হবে না —জুয়েল আহমেদ
কল্যাণপুর রেডিও কলোনির ঠিক বিপরীতে ইস্টার্ন হাউজিংয়ে থাকি তিন মাস হলো। চিকুনগুনিয়া হয়েছে অনেকেরই। কখনো দেখিনি বা শুনিনি যে মশার ওষুধ ছিটিয়েছে—নূরন্নবী সরকার
সব এলাকায় মশা। সিটি করপোরেশনের কর্মীরা সবখানে ওষুধ ছিটান না। ছিটালেও অনিয়মিত। আমাদের অসচেতনতা, নোংরা করার বদ অভ্যাসও দায়ী—আবদুর রাজ্জাক
গ্রন্থনা: শরিফুল হাসান