কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সরেজমিন পরিদর্শন করবে নাগরিক সমাজের প্রতিনিধিদল। এ জন্য লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে যাবে।গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নাগরিক প্রতিনিধিদল তাদের সরেজমিন পরিদর্শনের উদ্দেশ্য জানাতে এই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে জানানো হয়, আজ শনিবার সকালে প্রতিনিধিদল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করবে। ৮ অক্টোবর তারা ঢাকার উদ্দেশে রওনা হবে।সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘যে ক্ষতি হয়ে গেছে, সেটি কখনোই পূরণ করা যাবে না। তবে আমাদের এই নাগরিক প্রতিনিধিদলের পরিদর্শনের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানো।’ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সাংবাদিক হারুন হাবীব ও সেলিম সামাদ, ভাস্কর রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, কাবেরী গায়েন ও শান্তনু মজুমদার, সাহিত্যিক অদিতি ফাল্গুনী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, আদিবাসী নেতা দীপায়ন খীসা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা নাগরিক প্রতিনিধিদলেও থাকবেন।