নাগরিক প্রতিনিধিদলের সচেতনতামূলক কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচারপত্র বিলি করছেন লেখক–গবেষক সৈয়দ আবুল মকসুদ। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো
চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচারপত্র বিলি করছেন লেখক–গবেষক সৈয়দ আবুল মকসুদ। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নাগরিক প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

লালবাগ, চকবাজার, পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটক, চানখাঁরপুল, শেখ বোরহানউদ্দিন কলেজ, কমলাপুর রেলস্টেশন এলাকায় গতকাল জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করছে। এতে সহযোগিতা দিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

নাজিমউদ্দিন রোডের শেখ বোরহানউদ্দিন কলেজ মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশে দেওয়া বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু মানুষের কর্মশক্তির ক্ষতি করছে। বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। তিনি আরও বলেন, বাড়িতে ফুলের টব, নারকেলের খোসা, পানির বোতল, ফ্রিজের নিচের অংশ—যেখানেই পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। এ ছাড়া বাড়ির আশপাশের যেসব জায়গায় মশার প্রজনন হতে পারে, সেগুলোও পরিষ্কার রাখতে হবে।

নাগরিক সচেতনতাকে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রতিষেধক বলে মন্তব্য করেন সৈয়দ আবুল মকসুদ।

গতকাল কার্যক্রমে অন্যান্যের মধ্যে অংশ নেন সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা লুৎফুন্নাহার শম্পা, শেখ বোরহানউদ্দিন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার খান।