নাগরিক সংলাপে মিলছে বিভিন্ন সমস্যার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর ভবনের নিচতলায় অবস্থিত করিডরে পেতে রাখা চেয়ারে বসে আছেন বেড়া পৌরসভার বাসিন্দারা। ঝগড়াবিবাদ, জায়গাজমি নিয়ে ঝামেলা, নাগরিক অসুবিধাসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশায় পৌর কর্তৃপক্ষের কাছে এসেছিলেন তাঁরা। তাঁদের সামনে লম্বা টেবিল পাতা। আর টেবিলের ওপাশে বসে আছেন বেড়া পৌরসভার মেয়রসহ কাউন্সিলররা। এ দৃশ্য ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বেড়া পৌর ভবনের নিচতলার।
মেয়র ও কাউন্সিলররা অভিযোগ নিয়ে আসা ব্যক্তিদের করা তালিকার ক্রমানুসারে একে একে ডেকে অভিযোগ শুনছিলেন। অভিযোগের ধরন অনুযায়ী কোনোটির তাৎক্ষণিক, আবার কোনোটি প্রতিকারের জন্য সময় নিয়ে বিধান দিচ্ছেন।
‘উন্মুক্ত নাগরিক সংলাপ’ শিরোনামে এই বৈঠক এক বছর ধরে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে। বেড়া পৌরসভার মেয়রের সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই বৈঠক। পৌরবাসী নানাবিধ সমস্যা নিয়ে মন খুলে কথা বলেন সেখানে। ঝগড়াবিবাদ, জায়গাজমির বিষয় তো আছেই; পৌর কাউন্সিলর বা মেয়রের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, তবে ওই বৈঠকে তাও উত্থাপন করা হয়।
বেড়া শেখপাড়া মহল্লার জাহানারা বেগম বলেন, ‘আমাদের মহল্লা থেকে বের হওয়ার মতো রাস্তা নাই। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে জলাবদ্ধতায় চরম কষ্ট করতে হয়। কিছুদিন আগে অনুষ্ঠিত উন্মুক্ত নাগরিক সংলাপ অনুষ্ঠানে সে ব্যাপারে মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করি। তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমাধানের আশ্বাস দেন। তিনি আমাদের মহল্লায় এসে সমস্যা দেখে ড্রেন কাম রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন।’
অনেক সময় পৌর কর্তৃপক্ষের আওতার বাইরের বিষয় নিয়েও অনেকে উন্মুক্ত নাগরিক সংলাপ নামের এই বৈঠকে এসে আলোচনা করেন বা অভিযোগ দেন। ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে পৌরসভার দুধুলিয়াকোল মৎস্যজীবী সমবায় সমিতির অর্ধশতাধিক জেলে এ ধরনের একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। তাঁদের অভিযোগ, ইলিশ ধরা নিষিদ্ধকালে সরকার দেশের বিভিন্ন এলাকার জেলেদের জন্য ক্ষতিপূরণ হিসেবে চাল দিচ্ছে। কিন্তু বেড়ার জেলেরা তা পাচ্ছেন না। তাঁদের দাবি, পৌর কর্তৃপক্ষ যেন তাঁদের জন্যও চালের ব্যবস্থা করে। তবে বিষয়টি পৌর কর্তৃপক্ষের আওতার বাইরে বলে বৈঠকে জেলেদের বোঝানো হয়। তারপরও বিষয়টি পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
পৌর মেয়র আবদুল বাতেন বলেন, ‘পৌর নাগরিকদের সব সুবিধা ও প্রাপ্যতা নিশ্চিতের লক্ষ্যে আমরা এই উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করেছি। এখানে পৌরবাসী যেকোনো ধরনের অভিযোগ বা সমস্যার কথা নিশ্চিন্তে বলার অধিকার রাখেন। আমরা সবার কথাই আন্তরিকতার সঙ্গে শুনে তা সমাধানের চেষ্টা করে থাকি।’