নাগরিক সংলাপের আয়োজন করবে সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মেয়র পদের প্রার্থীদের মুখোমুখি এবং নাগরিক সংলাপের আয়োজন করবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। পাশাপাশি সব প্রার্থীর হলফনামা ও অতীত কর্মকাণ্ড ভোটারদের সামনে তুলে ধরবে, যাতে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন।গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সুজনের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের পক্ষে সিটি করপোরেশন এলাকায় মানববন্ধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিগত সময়ে দেওয়া প্রার্থীদের বিভিন্ন আশ্বাস পর্যালোচনারও উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।মতবিনিময় সভায় বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সুজনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মুহাম্মদ সিকান্দার খান ও মহানগর সমন্বয়কারী আখতার কবির চৌধুরী।মতবিনিময় সভায় জানানো হয়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কার বিরুদ্ধে কী কী মামলা আছে এবং তাঁদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। নাগরিক সংলাপে প্রত্যেক প্রার্থীকে আমন্ত্রণ জানানো হবে।মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘কলাগাছে ভোট দেওয়ার প্রবণতা বাদ দিয়ে ভোটাররা যাতে পর্যাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন, সে জন্যই এসব উদ্যোগ নেওয়া হবে। প্রার্থীরা তো নির্বাচন কমিশনে হলফনামা দিয়েছেন। আমরা তা অনায়াসে প্রকাশ করতে পারি। এ ক্ষেত্রে কারও রক্তচক্ষু আমরা ভয় পাই না। এ ছাড়া প্রার্থীদের অতীতের কীর্তিকলাপ তুলে ধরলে ভোটাররা তাঁদের সম্পর্কে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবেন।’