নাগরিক সমাজ সংকট নিরসনের রূপরেখা দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনে রূপরেখা প্রদানের মাধ্যমে নাগরিক সমাজ ভূমিকা রাখতে পারে। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক ‘আজকাল’ ‘আসন্ন নির্বাচন: সমঝোতা না সংঘাত’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে সংকট চলছে তার উত্তরণে নাগরিক সমাজকে প্রতিনিয়ত দুটি সর্বজনীন আকাঙ্ক্ষার কথা এবং এর জন্য চাপ সৃষ্টির কৌশল নিতে হবে। আকাঙ্ক্ষা দুটি হচ্ছে—সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, ‘আমার মূল্যায়ন হচ্ছে এক-এগারোর পর রাজনীতিবিদেরা নিজেদের বলীয়ান করেছেন। নাগরিক সমাজের কণ্ঠ দুর্বল হয়ে পড়েছে। তাই এ মুহূর্তে নাগরিক সমাজ রাজনীতিবিদদের এজেন্ডা নিয়ে ব্যস্ত আছে।’ তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নানা কৌশলে চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে রূপরেখা নিয়ে কোনো প্রস্তাব দিচ্ছে না। তাই নাগরিক সমাজ এই সংকট নিরসনে একটি সমাধানের রূপরেখা দিতে পারে।

প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা বা সংঘাত হবে কি না, তা নিয়ে মাথা ঘামানোর আগে নির্বাচন হবে কি না, তা নিশ্চিত করতে হবে। পাঁচ মিনিটে বাকশাল হতে পারলে সংবিধান সংশোধন করে তিন মিনিটে চলমান সংকটের সমাধান কেন হতে পারবে না?’

গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা ছাড়া ভালোভাবে নির্বাচন হবে না। দুই দল সমঝোতায় এলেও রাষ্ট্রপতির উচিত অন্তত দুজন নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, বিচারপতি কে এম হাসান ৩০ বছর আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ তাঁকে মানেনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, অথচ যিনি এখনো আওয়ামী লীগ করছেন এবং আওয়ামী লীগের সব দণ্ডমুণ্ডের কর্তা, তাঁকে বিএনপি কীভাবে নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে মানবে? সংবিধানের মধ্য থেকেই বর্তমান সংকটের সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে তিনি বলেন, সর্বদলীয় সরকারের প্রধান কোনো স্বতন্ত্র সাংসদ হতে পারেন। অথবা আরও গ্রহণযোগ্য সমাধান হিসেবে বিচারপতি হাবিবুর রহমান, ফজলে হাসান আবেদ বা রফিক-উল হককে নির্বাচিত করে আনা যেতে পারে।

আলোচনাটি সঞ্চালনা করেন সাংবাদিক গোলাম মোর্তোজা। ‘আজকাল’-এর প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদও এতে উপস্থিত ছিলেন।