
জাতিসংঘের বিশেষজ্ঞ (স্পেশাল র্যাপোর্টিয়ার) হাইনার বিলেনফোল্ড বলেছেন, নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়া এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ আছে। এ ছাড়া বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় তাঁদের মধ্যে একধরনের উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা গেছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন হাইনার বিলেনফোল্ড।
তাঁর মতে, ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে গত দেড় দশকে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা একই রয়েছে। তবে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান ও এ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় এবং উপজাতি জনগোষ্ঠীর উদ্বেগের বিষয়টি নতুন।
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি গত ৩১ আগস্ট বাংলাদেশে আসেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ ও কূটনীতিকদের সঙ্গে কথা বলেন। তিনি এ সফরের মূল্যায়ন প্রতিবেদন ২০১৬ সালে অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেবেন।
হাইনার বিলেনফোল্ড বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি জনগোষ্ঠী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তাঁদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা লক্ষ করেছি।’ তাঁর মতে, এ নিরাপত্তাহীনতা বিভিন্ন সম্প্রদায় ও ব্যক্তির কাছে রাজনৈতিক, আইনি ও সামাজিক নানা মাত্রায় হতে পারে। নিরাপত্তা নিয়ে উদ্বেগটা কখনো সম্পত্তির কারণে, কখনো ধর্মীয় উগ্রবাদের উত্থানের কারণে।
বাংলাদেশে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে নিরাপত্তাহীনতার ভীতি দূর করতে পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের আলোচনায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে উদ্বেগের বিষয়টি লক্ষ করেছেন। হাইনার বিলেনফোল্ড বলেন, বিচার বিভাগের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও এটি নিয়ে বিতর্ক রয়েছে। এটি নিয়ে অস্পষ্টতা থাকায় অনেকে এটিকে সোর্ড অব ডেমোক্লিসের (আসন্ন দীর্ঘস্থায়ী দুর্ভাগ্যজনক পরিস্থিতি) সঙ্গে তুলনা করেছেন। ফলে এটি আইন প্রয়োগকারী সংস্থা ও তদন্ত কর্মকর্তাদের যেকোনো সময় যে কাউকে গ্রেপ্তারের মতো নিরঙ্কুশ ক্ষমতা দিচ্ছে।
তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ধর্মীয় স্বাধীনতা। ব্লগারসহ মুক্তচিন্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞের সংবাদ সম্মেলনের পর গতকাল ঢাকা ও জেনেভা থেকে একটি বিবৃতি প্রচার করা হয়।
ওই বিবৃতিতে হাইনার বিলেনফোল্ড বলেন, বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শকে সমুন্নত রাখলেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে সংখ্যালঘুদের সুরক্ষাসহ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একধরনের অস্পষ্টতা বাড়ার ইঙ্গিত বহন করে।
ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার চাপের মুখে থাকা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ায় তিনি সরকারের প্রশংসা করেন। তবে ধর্মীয় উগ্রপন্থীদের সন্তুষ্ট করার অভিপ্রায়ে সরকার ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে আপস করায় তিনি উদ্বেগ জানিয়েছেন।