নাগরিক সমাজের সঙ্গে ইসি সংলাপ করবে বৃহস্পতিবার
নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে। নির্বাচন কমিশনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ কথা জানান।সিইসি জানান, সংলাপে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আলোচনা হবে। পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক ও নিবন্ধিত রাজনৈতিক দল এবং সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গেও তাঁরা সংলাপে বসবেন।প্রধান বিরোধী দল বিএনপিসহ তাদের জোটের অন্য দলগুলোকে সংলাপে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে কাজী রকিবউদ্দীন বলেন, কাজের মধ্য দিয়ে ইসি বিরোধী দলকে আস্থায় আনতে পারবে। আসন্ন সংলাপে তাদেরও ডাকা হবে।সিইসি মনে করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন করতে পারলে কমিশনের প্রতি বিরোধী দলের আস্থা বাড়ত। তিনি বলেন, ‘ডিসিসি নির্বাচন হলে দেখানো যেত আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করি। কিন্তু আদালতের নির্দেশে এ নির্বাচন করা সম্ভব হয়নি।’ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।