নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার নাগরিক সমাজের সঙ্গে সংলাপে বসছে। তবে সংলাপে সংসদীয় আসনের সীমানা বিন্যাসের পদ্ধতি বিষয়ে কমিশনের কোনো প্রস্তাব থাকছে না।সংলাপের জন্য তৈরি করা কার্যপত্রে উল্লিখিত বিষয়গুলোর অধিকাংশই সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত নয়। ফলে সংলাপ থেকে কমিশন কার্যকর কোনো ধারণা পাবে না বলে মনে করছেন কমিশন সচিবালয়ের কোনো কোনো কর্মকর্তা। আজ বেলা ১১টায় শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষে এই সংলাপ হবে।সংলাপে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কমিশনের নিজস্ব প্রস্তাব না থাকা প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রস্তাব না থাকাটা আমাদের নিজস্ব কৌশল। কমিশনের দায়িত্ব নেওয়ার আগে সব কমিশনারই ৩০-৩৫ বছর সরকারের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে চিন্তাভাবনা করেই এ কৌশল নেওয়া হয়েছে।’অতীতে দেখা গেছে, আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশন যেসব সংলাপ করেছে, সেগুলোতে ইসির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। বিশেষজ্ঞরা ওই প্রস্তাবের ওপর মতামত দিয়েছেন। ওই মতামতের ওপর ভিত্তি করে ইসি তার সুপারিশ চূড়ান্ত করেছে।