রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবি
নাগরিক সমাজের সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে গতকাল সোমবার নগরের লক্ষ্মীপুর মোড়ে ‘শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমাবেশ’ নামে ডাকা সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তারা অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করছিল। এ জন্য তাদের বাধা দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার সভাপতি ও নগরের কোর্ট কলেজের অধ্যক্ষ শফিকুর রহমানের নেতৃত্বে এই সমাবেশস্থলে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামায়াত খান, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায় প্রমুখ। পুলিশের বাধার মুখে তাঁরা সমাবেশস্থল ত্যাগ করেন। তবে এ সময় শফিকুর রহমান পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলবে এবং আগামী ২ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ভাষাসৈনিক আবুল হোসেন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন। পুলিশের আপত্তি থাকলে তারা চিঠি দিয়ে বিষয়টি জানায়। কিন্তু এ ক্ষেত্রে পুলিশ তাদের আপত্তির কথা জানায়নি। বরং বলেছে শিক্ষা বোর্ডের কর্মচারীরা একই স্থানে সমাবেশ ডাকায় এই সমাবেশ করতে দেওয়া হয়নি।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুল হায়াত বলেন, সরকার তাঁকে নিয়োগ দিয়েছে। সরকার যখন তাঁকে অপসারণ করবে তখন তিনি চলে যাবেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার একটিও কেউ প্রমাণ করতে পারবে না, এটা তাঁর চ্যালেঞ্জ। তিনি বলেন, শিক্ষা বোর্ডকে তিনি একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন, এটাই হয়তো কারও ভালো লাগছে না। তাই তাঁরা তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি অধ্যাপক আবুল হায়াত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর এক মাস পর থেকেই তাঁকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করা হয়। এরই মধ্যে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ব্যানারে একাধিক সমাবেশ করা হয়েছে। শুক্রবার নগরের শাহমখদুম কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক সমাজের ব্যানারে গতকালের এই সমাবেশ আহ্বান করা হয়। রোববার রাতেই লক্ষ্মীপুর মোড়ে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয় এবং মঞ্চের পেছনে ‘শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমাবেশ’-এর ব্যানার টাঙানো হয়। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশ এসে মঞ্চের দখল নিয়ে নেয়। তারা কাউকে মঞ্চে উঠতে দেয়নি।