নাগরিক সম্পৃক্ততায় ঢাকার রূপান্তর সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকার রূপান্তর কি সম্ভব’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা। গতকাল সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক l প্রথম আলো
‘ঢাকার রূপান্তর কি সম্ভব’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা। গতকাল সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক l প্রথম আলো

ঢাকার উন্নয়ন ও রূপান্তর সম্ভব। ঢাকা ও এর বাসিন্দাদের কথা বিবেচনায় রেখে পরিকল্পনা তৈরি, নাগরিক সুযোগ-সুবিধার বিকেন্দ্রীকরণ, উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে এই পরিবর্তন আসতে পারে।

গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে ২০৩৫ সালে ঢাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন। বিশ্বব্যাংক এই সম্মেলনের আয়োজন করে।

‘ঢাকার রূপান্তর কি সম্ভব’ শীর্ষক প্যানেল আলোচনায় চীনের নগর পরিকল্পনাবিদ জু রওউলিন দেশটির সাংহাইয়ের পুডং অঞ্চলের উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, সাংহাইও একসময় ঢাকার মতোই ছিল। এ ক্ষেত্রে ঢাকার উন্নয়নে প্রথম পদক্ষেপ হওয়া উচিত শহর ব্যবস্থাপনা। অফিস-আদালত, কলকারখানা ও আবাসনব্যবস্থাকে আলাদা আলাদা অঞ্চলে ভাগ করে ফেলতে হবে। শহরের নতুন ও পুরোনো অংশের মধ্যে যোগাযোগ সহজ হতে হবে। দুটি অঞ্চলের মধ্যেই নির্ভরশীলতার সম্পর্ক থাকবে।

সাংহাইয়ের পুডং অঞ্চলের উদাহরণ টেনে চীনের এই পরিকল্পনাবিদ বলেন, ‘আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়েছি। উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগকে তিনটি উৎসে ভাগ করে পরিকল্পনা করেছি। এগুলো হলো অভ্যন্তরীণ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও সরকারি অর্থায়নে পুডংয়ের উন্নয়ন।’ তিনি বলেন, ওয়াংপু নদীকে কেন্দ্র করে শহরের উন্নয়ন-নকশা তৈরি করা হয়েছে। ঢাকার ক্ষেত্রেও এর চারপাশের জলাভূমিগুলো ব্যবহার করতে হবে। উন্নয়নের পুরো প্রক্রিয়ায় পরিবেশদূষণের বিষয়ে সচেতন থাকতে হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান বলেন, ঢাকার উন্নয়ন ও রূপান্তরের জন্য সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ দরকার। সব উন্নয়ন কর্মকাণ্ড ঢাকাকে ঘিরেই পরিচালিত হয় বলে বাকি অঞ্চলগুলো পিছিয়ে পড়ছে। আধুনিক জীবনের আশায় সবাই ঢাকামুখী হচ্ছে। সব অঞ্চলে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছালে ঢাকার ওপর চাপ কমবে। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। যানজট কমানো জরুরি। কুমিল্লা থেকে এক-দেড় ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হলে ওই অঞ্চলের কর্মজীবীরা আর ঢাকায় থাকতে চাইবেন না।

ঢাকার যানজট-জলাবদ্ধতা নিরসনে হাতিরঝিল প্রকল্প একটি রোল মডেল হতে পারে বলে উল্লেখ করেন প্রকল্পটির পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় হাতিরঝিল-বেগুনবাড়ী খাল উন্মুক্ত করে দিয়ে এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে। এফডিসি থেকে রামপুরা পর্যন্ত যাতায়াত সহজ হয়েছে। ওই অঞ্চলে যানজট কমছে। ঢাকাবাসীর বিনোদনের সুযোগও সৃষ্টি হয়েছে।

এই প্রকল্পের সফলতার কারণ হিসেবে আবু সাইদ মো. মাসুদ জনসম্পৃক্ততার কথা বলেন। তিনি বলেন, এই উন্নয়ন পরিকল্পনায় ওই অঞ্চলের জনসাধারণকে যুক্ত করা হয়েছিল। সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলোর বড় সমস্যা হলো, সেখানে জনগণকে যুক্ত করা হয় না। ঢাকার রূপান্তরের জন্য তিনি এর চারদিকে ঘিরে থাকা চার নদী বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পনা তৈরির পরামর্শ দেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসানও জনসম্পৃক্ততা না থাকার কারণে উন্নয়ন প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায় বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি পূর্বাচল প্রকল্পের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, এই প্রকল্পে তাঁরা জনগণের পক্ষ থেকে নানা বাধার সম্মুখীন হন। এতে কাজের গতি ধীর হয়ে গেছে।

এই প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিআও ফান।

সমাপনী পর্বে আরও বক্তব্য দেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম।