নাগরিক সুবিধা চান বস্তিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর মিরপুর সিরামিক এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে রিকশায় দুটি মাইকে রেকর্ড করা গান বাজিয়ে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট চাইছিলেন দুলাল উদ্দিন। সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর সঙ্গে এলাকা ঘুরতে চাইলে স্মিত হেসে রাজি হন। রিকশায় উঠতেই জানালেন, মাইকে যে গান বাজছে তা তাঁরই গাওয়া।
রিকশা ঘুরছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিরপুর ১২ নম্বর সেকশনের এ এবং সি-ব্লকের বিভিন্ন সড়কে। পাশের নালা উপচে ময়লা এসে পড়েছে ভাঙাচোরা সড়কে। সি-ব্লকের ৮ নম্বর সড়কে জমে ছিল আগের রাতে হওয়া বৃষ্টির পানি। মাইক বাজিয়ে ভোট চাইতে দেখে পাশের পান-সিগারেটের দোকান থেকে এক ব্যক্তির সরস মন্তব্য, ‘দেইখেন পানিতে চুবানি খাইয়েন না’!
সি-ব্লক পেরিয়ে রিকশা এল সিরামিক রোডে। রিকশার পিছু নিয়েছে একদল বাচ্চাকাচ্চা। তারা সবাই প্রচারপত্র চায়। সেখানে চলছে সড়ক প্রশস্তের কাজ। মিরপুর সিরামিকের ৪ নম্বর ফটকের সামনে নেমে পড়তে হয় রিকশা থেকে। সামনে এগোনোর উপায় নেই। বেহাল সড়কের কারণে যান চলাচল বন্ধ।
দুলাল উদ্দিনকে বিদায় দিয়ে হাঁটা শুরু। উদ্দেশ্য—উত্তর কালশী, কালাপানি, বেগুনটিলা বস্তি ও নতুন কুর্মিটোলা ক্যাম্প। কালশী নতুন রোড থেকে বেগুনটিলা বস্তি ও কুর্মিটোলা ক্যাম্পে যেতে হলে অনেকটা ঢালু রাস্তা পার হতে হয়। বস্তিতে প্রবেশের প্রধান সড়কটি মাটির, জলাবদ্ধ।
বেগুনটিলা বস্তির বিভিন্ন সেবার কাজে যুক্ত কমিউনিটিবেসড অর্গানাইজেশনের (সিবিও) যুগ্ম সম্পাদক মো. মহসিন হাওলাদার বললেন, ‘বস্তিতে প্রায় ১০ হাজার লোকের বাস। কিন্তু সত্যিকার অর্থে রাস্তাঘাট বলতে কিছু নাই। সামান্য বৃষ্টিতেই বস্তির ঘরে পানি ঢোকে। গ্যাস নাই, মশার কামড়ে এক জায়গায় পাঁচ মিনিট বসা যায় না।’
ঢাকা উত্তরের ৩ দশমিক শূন্য ৪৮ বর্গকিলোমিটারের এই ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ৩৪৬। আর নারী ৫১ হাজার ৮২৬ জন। সেকশন-১২, মিরপুর ডিওএইচএস, সরকারবাড়ি, উত্তর কালশী, মিরপুর সিরামিক, বেগুনটিলা বস্তি, বুড়ির টেক, চাকুলি, নতুন কুর্মিটোলা ক্যাম্প, শহীদবাগ এলাকা নিয়ে এই ওয়ার্ড।
১২ নম্বর বাসস্ট্যান্ডের দুই পাশে সড়কের অর্ধেকের বেশি জুড়ে রাখা হয়েছে বাস। দুই সারি করে বাস পার্কিং করায় সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। বাসগুলো সংকীর্ণ সড়কে ঘোরানোর কারণে লাগছে যানজট। ১২ নম্বর থেকে শুরু করে হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ ও পার্কের সামনে পর্যন্ত এভাবে সড়কের বেশি অংশজুড়ে বিভিন্ন পরিবহন সংস্থার বাস রাখা হয়েছে।
ওয়ার্ডের অন্তত ৩০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বেগুনটিলা বস্তি, বুড়ির টেক, কুর্মিটোলা ক্যাম্প, টেকেরবাড়ি এলাকায় গ্যাস-সংযোগ নেই। ফলে এসব এলাকার বাসিন্দাদের রান্নার কাজ করতে হয় লাকড়ি কিনে। এলাকায় আছে মাদক সমস্যাও।
ঢাকা উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করতে গিয়ে ভোটারদের নানা দাবির মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কদম আলী মাদবরের নির্বাচনী প্রতীক টিফিন ক্যারিয়ার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের আওতাভুক্ত সব নাগরিক সুবিধা নিশ্চিত করব। আর আওতার বাইরে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোও পূরণে চেষ্টা করব।’
এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সাজ্জাদ হোসেনের প্রতীক ঘুড়ি। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন থাকায় তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর পক্ষে প্রচারণা চোখে পড়ল না। নেই তেমন কোনো পোস্টারও।
এই ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমেদকে। তাঁর প্রতীক লাটিম। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন পরিকল্পিত ওয়ার্ড গড়ার। বললেন, ‘ভোটারদের বলছি যোগ্য, সৎ প্রার্থীকে নির্বাচিত করতে। নির্বাচনে হার-জিত থাকবে। জনগণ যাঁকেই নির্বাচিত করবে, তাঁকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।’
এ ছাড়া ঠেলাগাড়ি প্রতীক নিয়ে সাবেক কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, ঝুড়ি প্রতীক নিয়ে মো. মমিন, রেডিও প্রতীক নিয়ে এস এম গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করছেন।