নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পাতিরা
খিলক্ষেতের ডুমনী ইউনিয়নের পাতিরা এলাকার প্রায় ২০ হাজার মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে বিশুদ্ধ পানির ও জ্বালানি গ্যাসের সংকট। পয়োনিষ্কাশন নালা নেই। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কগুলোও বেহাল।
গত শনিবার ডুমনী ইউনিয়নের পশ্চিম পাতিরা, মধ্য ও পূর্ব পাতিরা, দক্ষিণ পাতিরা ও সোনারটেক এলাকায় গিয়ে দেখা যায় এখানে পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তার দুই ধারে পানি জমে থাকে। বাড়িতে ব্যবহৃত পানি গিয়ে পড়ছে সড়কে। ফলে সড়কটি নর্দমায় পরিণত হয়েছে। অধিকাংশ রাস্তায় ইট বিছানো। খানিক পরপর সেসব ইট উঠে গিয়ে সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় এলাকার ময়লা রাখা হচ্ছে রাস্তার ওপর।
একাধিক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যে দুয়েকটি পয়োনিষ্কাশন নালা আছে, সেগুলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অনেক রাস্তা। তাদের অভিযোগ, একে নর্দমা নেই, তার ওপর কোনো নকশা-পরিকল্পনা ছাড়াই এলোমেলোভাবে বাড়িঘর, দোকান, মার্কেট নির্মাণ ও জলাভূমি ভরাট করায় এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট হয়ে উঠেছে।
পশ্চিম পাতিরার বাসিন্দা দুলাল মিয়া বলেন, পরিকল্পনা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো বাড়িঘর নির্মাণ করছে সবাই। আগে রাস্তার মাপ ছিল ৮ ফুট, এখন কোনো কোনো স্থানে এই রাস্তা ৪-৫ ফুটের মতো অবশিষ্ট আছে।
পাতিরা ও সোনারটেক এলাকার তিনটি ওয়ার্ডের বাসিন্দারা এখনো জ্বালানি গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এলাকার অধিকাংশ পরিবারের চুলা চলে শুকনো গোবর ও লাকড়ির সাহায্যে। পাতিরার বাসিন্দা মাজারন বেগম বলেন, ‘স্বাধীনতার পর বিদ্যুৎ ছাড়া আর কিছুই পাইনি। শুনছি এলাকা সিটি করপোরেশন নিয়া নিছে। এখন কোনো সুযোগ-সুবিধা কি পাওয়া যাইব?’
গত কয়েক বছরে পাতিরাবাসীর জীবিকার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। কৃষিজমি ভরাট করার ফলে এলাকার অনেকেই এখন ছোটখাটো ব্যবসা কিংবা শহরে কোনো চাকরি করছেন। আগে স্থানীয় বাসিন্দারা কৃষিকাজের পাশাপাশি বালু নদে সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এখন নদী ভরাট ও দূষিত হওয়ায় মাছ পাওয়া যায় না।
এলাকার সমস্যা সম্পর্কে ডুমনী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাতেন প্রথম আলোকে বলেন, ‘বহুদিন থেকে এলাকাবাসী নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি ডুমনী সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এখন পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশা করছি।’