নাগরিক সুবিধা নামমাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর থেকে দক্ষিণখানের দিকে যাওয়া আশকোনার প্রধান সড়কটি কাদাপানিতে তলিয়ে আছে। এই চিত্র থাকে প্রায় সারা বছরই। ছবিটি সোমবারের l সাহাদাত পারভেজ
বিমানবন্দর থেকে দক্ষিণখানের দিকে যাওয়া আশকোনার প্রধান সড়কটি কাদাপানিতে তলিয়ে আছে। এই চিত্র থাকে প্রায় সারা বছরই। ছবিটি সোমবারের l সাহাদাত পারভেজ

মাঝারি ধরনের বৃষ্টি হয়েছিল শুক্রবার দুপুরে। শনিবার সন্ধ্যায় সামান্য ছিটেফোঁটা। সেই পানিতে সোমবার বিকেলেও খানিক পরপর তলিয়ে আছে বিমানবন্দর থেকে দক্ষিণখানের দিকে যাওয়া আশকোনার প্রধান সড়ক। বিকেলে অফিস থেকে বাসায় ফিরছিলেন শাম্মী আক্তার ও কামরুল হাসান দম্পতি। গলির ভেতরে রিকশা যাবে না। তাই কাদা পানির ভেতর দিয়েই চলছিলেন তাঁরা। বিরক্তি নিয়ে হাসান বললেন, ‘সরকার অন্য কাজে বিজি। নাগরিক দুর্ভোগের দিকে নজর দেওয়ার সময় কোথায় তাদের?’
এই দম্পতি বলেন, তাঁরা প্রায় কুড়ি বছর আশকোনার বাসিন্দা। প্রধান সড়কের দুপাশ দিয়ে যে সরু গলিগুলো এঁকেবেঁকে চলে গেছে মহল্লার ভেতর, সেগুলোর অধিকাংশের অবস্থা চাষ দেওয়া ধানখেতের মতো। এ রকমই এক গলি আল সাবাহ একাডেমির গলিতে তাঁদের বাসা। তাঁরা বললেন, বহু বছর আগে এসব পথে ইট পাতা হয়েছিল। তারপর আর কোনো সংস্কার নেই। সরু গলিগুলোর পাশ দিয়ে গায়ে গায়ে লাগানো পাঁচ-সাততলা ঘরবাড়ি। ঘিঞ্জি পরিবেশ। অনেকটা পুরান ঢাকার সঙ্গে মিলে যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব দিকে হজ ক্যাম্প হয়ে দক্ষিণখান পর্যন্ত এলাকাটিই আশকোনা। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, নাগরিক সুযোগ-সুবিধা খুবই সামান্য এখানে।

আশকোনা দক্ষিণখান এলাকায় রাস্তা দখল করে এভাবেই অটোরিকশা সারিবদ্ধভাবে রাখা হয় l ছবি: প্রথম আলো
আশকোনা দক্ষিণখান এলাকায় রাস্তা দখল করে এভাবেই অটোরিকশা সারিবদ্ধভাবে রাখা হয় l ছবি: প্রথম আলো

জলাবদ্ধতা প্রধান সমস্যা। পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। আমতলা মহল্লার ব্যবসায়ী সুমন খান বললেন, আশকোনা বিল-ঝিলের মতো নিম্ন এলাকা ছিল। মাটি ভরাট করে ঘরবাড়ি তৈরি করায় পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে হজ ক্যাম্পের পাশে ছিল একটি বিশাল জলাধার। সেটি সম্প্রতি ভরাট করা হয়েছে। ওদিকে বিমানবন্দর সড়কের পাশের নর্দমাও ভরাট করা হয়েছে এলিভেটর এক্সপ্রেসওয়ে তৈরির জন্য। এই পথে পানি খিলক্ষেত হয়ে নামাপাড়া দিয়ে বালু নদের দিকে চলে যেত। সেই পথ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। বর্ষা মৌসুমে লোকজনকে কাদা-পানি ভেঙে চলাচল করতে হয়। ওই দম্পতি সখেদে বললেন, ‘সবে তো দুর্ভোগ শুরু হলো। বর্ষার তিন-চার মাস আরও যে কত কষ্ট করতে হবে মানুষের।’
এ ছাড়া রয়েছে গ্যাস ও পানির তীব্র সংকট। আশকোনায় গ্যাস-সংযোগ থাকলেও প্রায় প্রতিটি বাড়িতেই কেরোসিনের চুলা বা সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। বায়তুল মাহফুজ মসজিদ রোডের গৃহবধূ পিংকী দেবী জানালেন, বছর দুয়েক থেকে গ্যাসের সংকট প্রচণ্ড। বেলা আড়াইটা-তিনটার দিকে গ্যাস আসে, থাকে ঘণ্টা দেড়েক। তারপর আবার রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত গ্যাস থাকে। তাতেও চুলা জ্বলে মিটমিট করে। বাধ্য হয়ে তিনি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন। একই অভিজ্ঞতা সাংবাদিক আবুল আজাদ সোলায়মানের। সিলিন্ডার বিস্ফোরণের ভয় পান বলে কেরোসিনের চুলা ব্যবহার করেন। মাসে ৭০ থেকে ৭৫ লিটার কেরোসিন কিনতে হয় তাঁকে।
পানিতে গন্ধ, তার ওপর ময়লা—এমন অভিযোগ আমতলার বন্ধু মিতালি সেলুনের মালিক জাহিদ হোসেন, আশকোনা বাজারের বিপণিবিতান ডেইলি শপিংয়ের বিক্রয় প্রতিনিধি সোহানুর রহমান, মেডিকেল রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, কলেজ রোডের বাসিন্দা গোলাম রসুলসহ অনেকের। তাঁরা বললেন, আশকোনায় ৮০ হাজারের মতো পরিবারের বসবাস। সে তুলনায় পানি সরবরাহব্যবস্থা খুবই অপ্রতুল। আশকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওয়াসার একটিমাত্র পানির পাম্প। যখন এই পাম্প বসানো হয়েছিল, তখন এলাকায় লোকসংখ্যা ছিল খুব অল্প। সরু পাইপ দিয়ে সরবরাহ লাইন টানা হয়েছিল। উপরন্তু অনেক জায়গায় পাইপ ফেটে যাওয়ায় পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে যায়।
আশকোনার নাগরিক সুবিধার স্বল্পতা নিয়ে কথা হলো এই এলাকার সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে। তিনি বলেন, এখানে আগে পানিনিষ্কাশনের ব্যবস্থাই ছিল না। তিনি উদ্যোগ নিয়ে ২০০৯ সালে রেললাইনের পাশ দিয়ে উত্তরে তুরাগ নদের দিকে একটি নর্দমা তৈরি করায় জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে এলাকার ভেতরে নর্দমা তৈরির ব্যাপারে তিনি চেষ্টা করছেন। গ্যাসের সাব-স্টেশন একটি। আরও একটি সাব-স্টেশন করার চেষ্টা করেছেন। সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি জায়গা বরাদ্দ করার ব্যবস্থা হয়েছে। এই সাব-স্টেশন হলে গ্যাসের সমস্যা কমবে। একইভাবে আরও একাধিক পানির পাম্প করা এবং ভেতরের রাস্তাও সংস্কার করা প্রয়োজন। তবে এলাকাটি আগে সিটি করপোরেশনের বাইরে থাকায় দ্রুত উন্নয়ন করা যায়নি। এখন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় দ্রুত এসব নাগরিক সমস্যা সমাধান করা যাবে।